ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অষ্টম জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী খুন,ধর্ষণ ও হামলাসহ সহিংসতার ঘটনা তদন্তে কেন বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে সরকারের প্রতি রুলনিশি জারি করেছে হাইকোর্ট ।
আদালত রিটটির ওপর চুড়ান্ত শুনানির জন্য আগামী ৪ মার্চ দিন ধার্যও করেছে।
সোমবার বিচারপতি এবিএম খায়রুল হক ও বিচারপতি মো. আবদুল হাইয়ের বেঞ্চে মানবাধিকার সংগঠন 'হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এর দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
রোববার রিটটি দায়ের করা হয়েছিল।
সরকারের স্বরাষ্ট্র সচিব, মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক, অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং ছয় বিভাগের পুলিশের উপ মহাদর্শককে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠনটির পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরশেদ শুনানিতে বলেন, "২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর সহিংসতায় অনেক মানুষ খুন হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন অনেক নারী। অনেকের সম্পদ লুট করা হয়েছে।"
তিনি শুনানিতে আরও বলেন, "আইন-শৃংখলা বাহিনীর দায়িত্ব ছিল এই সহিংসা রোধে ব্যবস্থা নেওয়া। কিন্তু তারা তা নেয়নি। ফলে মানুষের মানবাধিকার চরমভাবে লংঘিত হয়েছে।"
সরকার পক্ষে শুনানিতে অংশ নেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এম ইনায়েতুর রহিম।
২০০১ সালের সংসদ নির্বাচনের পর দেশের অনেক স্থানে চারদলীয় জোটের নেতাকর্মীরা প্রতিপক্ষের কথিত সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে সংখ্যালঘুদের ওপর ব্যাপক নির্যাতন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/
bdnews24