ঢাকা, ফেব্রুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নাম ও পদবী ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
রোববার ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে এ মামলা দায়ের করেন আনোয়ার হোসেন পাহাড়ী বীর প্রতীক।
শুনানি শেষে বিচারক লায়লাতুল ফেরদৌস মামলার বিচার চলাকালে মুক্তিযোদ্ধা সংসদের নাম ও পদবী ব্যবহারে কেন তার বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার নির্দেশ দেওয়া হবেনা- সে ব্যাপারে আহাদ চৌধুরীকে ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলেছেন।
মামলার আরজিতে বলা হয়, "আহাদ চৌধুরী বর্তমানে মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের কোন পদে নেই। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বেআইনিভাবে সাবেক পদবী (চেয়ারম্যান) ব্যবহার করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্যাডে চিঠি লিখছেন। চেয়ারম্যান পদে না থেকেও আহাদ চৌধুরী 'এখতিয়ার বহির্ভূতভাবে' কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।"
এ মামলা চলাকালে বিবাদী যাতে মুক্তিযোদ্ধা সংসদের নামে কোন কর্মকাণ্ড চালাতে না পারেন সেজন্য আদালতে একটি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদনও করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২৩১৪ ঘ.
bdnews24