২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরাগে ট্রলারডুবি, দুটি লাশ উদ্ধার

তুরাগ নদীতে ইজতেমা ফেরত প্রায় ৪০ জন মুসল্লি নিয়ে রোববার একটি ট্রলার ডুবে গেছে। রাত ১০টা পর্যন্ত জায়েদ (১৮) ও জুয়েল (২৩) নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2009, 11:44 AM

Updated : 26 Aug 2022, 11:01 AM

ঢাকা ফেব্রুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুরাগ নদীতে ইজতেমা ফেরত প্রায় ৪০ জন মুসল্লি নিয়ে রোববার একটি ট্রলার ডুবে গেছে। রাত ১০টা পর্যন্ত জায়েদ (১৮) ও জুয়েল (২৩) নামের দুইজনের মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত জায়েদের বাড়ি ঢাকার জহুরাবাদের গোলারটেকে। এছাড়া মোমেন (১৭) নামের আরও এক জন নিখোঁজ রয়েছে বলে সাভার থানা পুলিশ জানিয়েছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, "এ পর্যন্ত দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করছি- আরো একজন নিখোঁজ রয়েছে। ডুবুরিরা কাজ চালিয়ে যাচ্ছে।" মীরপুরের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন জানান, রোববার দুপুর সাড়ে তিনটার দিকে মীরপুর বেড়িবাধ সংলগ্ন কাউন্দিয়া ইউনিয়নের জিয়াখালী ঘাটের কাছে মুসল্লিবাহী ট্রলারটিকে পেছন থেকে আরেকটি ট্রলার ধাক্কা দিলে এটি ডুবে যায়। পুলিশ ধাক্কা দেওয়া ট্রলারটিকে চালক ও মিস্ত্রীসহ আমিনবাজার ব্রিজের কাছ থেকে আটক করেছে। তবে বেড়িবাধের বাইরে হওয়ায় ঘটনাটি সাভার থানার আওতায় বলে আনোয়ার হোসেন জানান। আটক এম এম থ্রি নামের ট্রলারটি বালু বহন করে থাকে। এর চালক শফিকুল ইসলাম ট্রলারে ধাক্কা দেওয়ার অভিযোগ স্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/জিএমএ/প্রতিনিধি/এএল/এইচএ/জিএনএ/১৮৫৫ ঘ.