ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রাম ও বাগেরহাটে বুধবার সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে কুড়িগ্রাম সদর উপজেলায় ধরলা সেতুর উপর বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন এবং বাগেরহাটের রামপালে কাভার্ড ভ্যান চাপায় একজন মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নিহতরা হলেন ফুলবাড়ী উপজেলার নগরাজপুর গ্রামের কফিল উদ্দিন (৪০) ও রাবাইটারী গ্রামের আব্দুর রশিদ (৩২)।
কুড়িগ্রাম সদর থানার ওসি তাহারুল ইসলাম বলেন, ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী ধরলা সেতুর উপর সকাল ৮টার দিকে একটি নৈশকোচের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় কুড়িগ্রাম সদর থানায় একটি মামলা করা হয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, কাভার্ড ভ্যান চাপায় নিহত চা দোকানি আব্দুল হাকিম শেখ (৬০) রামপালের ভাগা গ্রামের বাসিন্দা।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আনোয়ার বলেন, সকালে খুলনা থেকে মংলাগামী কাভার্ড ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি চায়ের দোকানে উঠে গেলে ঘটনাস্থলেই আবদুল হাকিম মারা যান।
পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/১৮২০ ঘ.
bdnews24