ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজউকের প্রকল্প পূর্বাচল ও উত্তরা তৃতীয় পর্বের বাকি ৩ হাজার ১১৬টি প্লট বুধবার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ওই দুটি প্রকল্পের প্লট বরাদ্দ শেষ হলো।
তবে সাংবাদিকদের জন্য রাখা অবশিষ্ট ৫৫টি প্লটের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। আলাপ-আলোচনার মাধ্যমে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান।
রাজউকের এ দুটি প্রকল্পের প্লটের জন্য আবেদনকারীদের সর্বশেষ দফার লটারি বুধবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ছাড়াও মন্ত্রণালয়ের সচিব মহবুব উর রহমান ও রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ১৭ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর পূর্বাচল প্রকল্পের এবং ৪ নভেম্বর উত্তরা এবং পূর্বাচল প্রকল্পের একটি অংশের লটারি হয়। বুয়েটের কারিগরি সহায়তায় এসব লটারির ড্র হয়। তবে বুধবারের বরাদ্দ প্রক্রিয়ার অধিকাংশই লটারি ছাড়া করা হয়েছে।
বুধবার যে সব শ্রেণীর জন্য বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করা হয়, তার মধ্যে রয়েছে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সাংসদ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, সরকারি চাকরিজীবী, স্বায়ত্তশাসিত সংস্থার চাকরিজীবী, সশস্ত্র বাহিনী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং অবশিষ্ট ক্যাটাগরিভুক্ত বাকি আবেদনকারীরা।
পূর্বাচলের ২ হাজার ৭৬২টি এবং উত্তরায় ৩৫৪টি প্লটের বরাদ্দ হয় বুধবার।
এ দুটি প্রকল্পে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী, সাংসদ ও সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি শ্রেণীতে মোট ১৪৩টি প্লট বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে পূর্বাচলে ৬০টি এবং উত্তরায় ৮৩টি।
মন্ত্রী ও সাংসদদের মধ্যে বরাদ্দ দেওয়া ১৪৩টি প্লটকে 'সামান্য' উল্লেখ করে মান্নান খান বলেন, "বর্তমানে ৩৪৫ জন সাংসদ এবং অর্ধশত মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছে। এক্ষেত্রে আরো অনেক বেশি আবেদন হওয়ার কথা। কিন্তু তেমন আবেদন পাওয়া যায়নি।"
বুধবার পূর্বাচল প্রকল্পে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ১৬টি, সরকারি চাকরিজীবীদের ১ হাজার ৬৩২টি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবীদের ৬৯২টি, সশস্ত্র বাহিনীর সদস্যদের ১১৪টি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের ৫৭টি এবং অবশিষ্ট ক্যাটাগরিতে ২০৭টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
অন্যদিকে উত্তরা প্রকল্পে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ২০টি, সরকারি চাকরিজীবীদের ১৬২টি, স্বায়ত্তশাসিত সংস্থায় চাকরিজীবীদের ৬৯টি, সশস্ত্র বাহিনীর সদস্যদের ১০টি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীদের চারটি এবং অন্যান্য ক্যাটাগরিভুক্ত বাকিদের ২৮টি প্লট বরাদ্দ দেওয়া হয়।
উত্তরা ও পূর্বাচল প্রকল্পের এ দুটি পর্যায়ে এবার মোট ৫ হাজার ৬২৪টি প্লট বরাদ্দ দেয়া হলো। এর মধ্যে পূর্বাচলে ৫ হাজার ৪২টি এবং উত্তরায় ৫৮২টি।
এবার স্বচ্ছ প্রক্রিয়ায় প্লট বরাদ্দ হয়েছে দাবি করে প্রতিমন্ত্রী বলেন, "সরকারের পক্ষ থেকে সব ধরনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে। কতটুকু স্বচ্ছভাবে কাজ সম্পন্ন করা সম্ভব হয়েছে, তা ভবিষ্যতে জনগণই বিচার করবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৪৫০ ঘ.
bdnews24