২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হবে

একাত্তরের স্বাধীনতা যুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 05:51 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরের স্বাধীনতা যুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকার দেশের প্রতিটি জেলায় একটি করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করবে। মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ৯৩ কোটি ৭০ লাখ টাকা ব্যয়সাপেক্ষ এ প্রকল্পসহ ৩ হাজার ২২৬ কোটি টাকার মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। ২০১০ সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শুরু হবে। শেষ হবে ২০১১ সালের ডিসেম্বরে। প্রকল্পটি বাস্তবায়ন করবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। সভা শেষে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান। প্রকল্পের কার্যপত্রে বলা হয়েছে, প্রকল্পের আওতায় যে কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে তাতে মুক্তিযোদ্ধাদের জন্য একটি অফিস ছাড়াও মার্কেট হলরুম থাকবে। মার্কেট ও হলরুম ভাড়া দিয়ে যে আয় হবে তা দিয়ে অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তাসহ কল্যাণমুখী কাজ করা হবে। এছাড়া জাতীয় দিবসে বিভিন্ন কর্মসূচি গ্রহণের মাধ্যমে দেশের মানুষের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তোলা এ প্রকল্পের অন্যতম উদ্দেশ্য বলে এতে উল্লেখ করা হয়। বৈঠকে অনুমোদন পাওয়া অন্য ৬টি প্রকল্প হচ্ছে- ৬৮ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার বিভাগের সালটিয়া বাজার-হাজীগঞ্জ বাজার-দেওয়ানগঞ্জ বাজার সড়কে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর সেতু নির্মাণ প্রকল্প, ২ হাজার ৩৮২ কোটি টাকার সড়ক ও রেলপথ বিভাগের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ৪-লেনে উন্নীতকরণ (দাউদকান্দি-চট্টগ্রাম অংশ) প্রকল্প, ৩৩১ কোটি টাকার স্থানীয় সরকার বিভাগের ঢাকা শহরে চারটি পাইকারী কাঁচা বাজার নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প, ৬৭ কোটি টাকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের এতিম ও প্রতিবন্ধী ছেলে-মেয়েদের জন্য ৬টি বিভাগে ৬টি কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন (সংশোধিত) প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ১৭৭ কোটি টাকার ফরিদপুর শহর রক্ষা প্রকল্প এবং ১০৭ কোটি টাকা ব্যয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের এভিয়ান ইনফ্লুুয়েঞ্জা প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স (১ম সংশোধিত) প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/২৩২৮ ঘ.