২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ-জনতা এক হলে সন্ত্রাস নির্মূল হবে: সাহারা

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সন্ত্রাস নির্মূলে পুলিশ-জনতাকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 04:36 PM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সন্ত্রাস নির্মূলে পুলিশ-জনতাকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "পুলিশ-জনতা এক হলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তা হলেই দেশ থেকে সন্ত্রাস নির্মূল হবে এবং উন্নয়ন ঘটবে।" মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কমিউিনিটি পুলিশিং উদ্বুদ্ধকরণ বিষয়ক সমাবেশ ও মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাহারা জানান, ভারত থেকে সে দেশের কোনো নিরাপত্তা বাহিনীর সদস্য এসেছে কিনা তা তিনি এখনো জানেন না। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যমে এধরনের খবর প্রকাশিত হওয়ায় তিনি বিষয়টি জানার চেষ্টা করবেন। রাজধানীর কূটনৈতিক পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা আগে থেকেই আছে। তিনি বলেন, কোনো দূতাবাস হুমকির মুখে আছে এধরনের কোনো অভিযোগ তিনি পাননি। পুলিশ বাহিনীর উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের অনেক সমস্যা রয়েছে। তাদের কাছ থেকে সেবা নেবো, কিন্তু তাদের সমস্যা সমাধান করা হবেনা তা হয়না। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাংসদ আসাদুজ্জামান খান কামাল, মো. এনামুল হক, সাফিয়া খাতুন ও আসমা জেরীন ঝুমু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এইচএ/২২৩০ ঘ.