চট্টগ্রাম, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় ভারতীয় দূতাবাসে কথিত নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগের খবরকে 'অপরিপক্ব' অভিহিত করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেছেন, কথিত এ বিষয়ে সরকারের কাছে কোনো প্রস্তাবই আসেনি।
মঙ্গলবার দুপুরে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনও ইতিমধ্যেই বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন, এরকম কোনো কিছুই তার জানা নেই।
টুকু বলেন, "যেকোনো অপরিপক্ব সংবাদ পরিবেশন জটিলতা সৃষ্টি করতে পারে। ভারত সরকার এ ধরনের কোনো প্রস্তাব না দেওয়ায় জাতি বা সংবাদ মাধ্যমে জানানোর মতো কিছুই নেই।"
বাংলাদেশকে অকার্যকর করার জন্যই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
গোপনে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলেও জানান তিনি।
এর আগে দুপুর একটা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত চট্টগ্রামের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।
কোনো সাংসদের বৈঠকে না থাকা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, "খুব অল্প সময়ের জন্য এখানে এসেছি। তাই সংসদ সদস্যদের যোগাযোগ করা যায়নি।"
চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এমএএন ছিদ্দিক, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান, ডিআইজি আসাদুজ্জামান মিয়া, র্যাব-৭ এর প্রধান লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসাইনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলোচিত ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত কাজ দ্রুত শেষ করার জন্য সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্তে বিরোধীদলীয় নেতাকর্মীদের কারও নাম উঠে এলে তাদেরও বিচারের আওতায় আনা হবে বলে জানান শামসুল ইসলাম।
বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার নিয়ে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর বক্তব্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জবাব না দিয়ে বলেন, "একাত্তরে যারা গণহত্যা চালিয়েছে তাদের কেউ রেহাই পাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২১০৯ ঘ.
bdnews24