২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় মৃদু ভূকম্পন

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার মৃদু ভূকম্পন হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2009, 10:54 AM

Updated : 26 Aug 2022, 12:33 PM

ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মঙ্গলবার মৃদু ভূকম্পন হয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। ভারতের মনিপুরের রাজধানী ইম্ফল থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের দূরত্ব ১০৫ কিলোমিটার। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ শহীদুল ইসলাম জানান, বিকেল ৪ টা ১ মিনিটে ঢাকার আগারগাঁও সাইসমিক সেন্টারের ৪১৬ কিলোমিটার উত্তর-পূর্বদিকে (ভারত-মিয়ানমার সীমান্ত এলাকায়) রিখটার স্কেলে ৫.৭ মাত্রার (মডারেট) ভূকম্পন অনুভূত হয়েছে। ঢাকা ও এর আশেপাশে এ ভূমিকম্পের ঝাঁকুনি বোঝা গেছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি সেন্টারের সুপারিনটেন্ডেন্ট অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার এ ভূমিকম্পের মাত্রা ৫.৬ বলে উল্লেখ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, আর্থ অবজারভেটরি সেন্টার থেকে এর দূরত্ব ছিল ৩৪৫ কিলোমিটার পূর্বে। অধ্যাপক আখতার বলেন, "রাজধানীতে এর তীব্রতা ছিল ৩ মাত্রার অর্থাৎ খুবই কম। তবে বহুতল ভবনে ঝাঁকুনি বেশি অনুভূত হয়েছে।" এছাড়া রাজশাহীতে বিকেলে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রাজশাহী আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক শহীদুল ইসলাম বলেন, এখানে ভুমিকম্প রেকর্ড করার যন্ত্র না থাকায় এর মাত্রা নির্ণয় করা যায়নি। মৃদু ভূকম্পন অনুভূত হয় বলে তিনি জানান। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পরওয়া যায়নি। সিলেটে ও খাগড়াছড়িতে মৃদু ভূ-কম্পন অনূভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূকম্পনে কেঁপে উঠে সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৯১৭ ঘ.