ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টায় নয়, তার এক মিনিট আগে ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে।
সরকারের পক্ষে বিদ্যুৎ বিভাগের সচিব আবুল কালাম আজাদ রোববার গণমাধ্যমকে লেখা এক চিঠিতে এ কথা জানিয়েছেন। তিনি সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।
গত বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছিলেন, আগামী ৩১ ডিসেম্বর রাত ১২টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছানো হবে।
বেশিরভাগ দেশে পূর্ণ ঘণ্টায় ঘড়ির কাঁটা বদলানো হয় বলে ইংরেজি নববর্ষের প্রাক্কালে দু'বার মধ্যরাত ধরা হবে কি না, এ নিয়ে জনমনে কিছুটা সংশয় সৃষ্টি হয়েছিল। ঠিক ১২টায় না করে ১১ টা ৫৯ মিনিটে কাঁটা পিছিয়ে দিলে তা আর ঘটবে না।
দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকার গত ১৯ জুন রাত ১১টায় ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো দিনের আলো সংরক্ষণ সময় (ডে লাইট সেভিং টাইম) ব্যবস্থা প্রবর্তন করে।
সচিব আবুল কালাম আজাদের চিঠিতে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর দিবাগত রাত ১১ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে নিয়ে রাত ১০টা ৫৯ মিনিট (জিএমটি ৬) করা হবে। এ অবস্থা আগামী ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।
এছাড়া আগামী ২০১০ সাল থেকে প্রতি বছর ৩১ মার্চ রাত ১০ টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা এক ঘণ্টা এগিয়ে নিয়ে রাত ১১ টা ৫৯ মিনিট (জিএমটি ৭) করা হবে। এটি ৩১ অক্টোবর পর্যন্ত বহাল থাকবে।
৩১ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিটে ঘড়ির কাঁটা আবারো এক ঘণ্টা পিছিয়ে ১০টা ৫৯ মিনিট (জিএমটি ৬) করা হবে। পরবর্তী ৩১ মার্চ পর্যন্ত তা বলবৎ থাকবে।
বিশ্বের অনেক দেশেই সূর্যালোকের প্রাপ্যতার ভিত্তিতে বছরে দু'বার সময় বদলের এরকম স্থায়ী ব্যবস্থা চালু আছে।
জনদুর্ভোগের অবসান
দীর্ঘসময় সূর্যালোক থাকার সময় গত ১৯ জুন ঘড়ি এগিয়ে আনায় বিশেষ সমস্যা না হলেও পরে দিনের দৈর্ঘ্য ক্রমশ কমে আসায় পরিবর্তিত সময় দেশের জনজীবনে নানা সমস্যা সৃষ্টি করছিল।
বিশেষ করে অন্ধকার থাকতেই শিশুদের স্কুলে পাঠানো ও সকালের ট্রেন-বাস ধরা দুর্ভোগের ব্যাপার হয়ে দাঁড়ায়। বিভিন্ন মহল সূর্যালোক অনুযায়ী ঘড়ির কাঁটা আবার যথাসময়ে পিছিয়ে নেওয়ার দাবি করে আসছিল।
বিশ্বের অন্যান্য ডে লাইট সেভিং টাইম অনুসরণকারী দেশে বছরে দুটি সময়ের ব্যবস্থা থাকলেও বাংলাদেশে গত গ্রীষ্মে এগিয়ে নেওয়া সময় আদৌ আর বদলানো হবে না সরকারের কোনো কোনো মহলের এরকম বক্তব্য বিভ্রান্তি ও সমালোচনার জন্ম দিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২৩০০ ঘ.
bdnews24