২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দায়িত্ব নেওয়ার পর পাঁচ বছর মেয়াদ দাবি চেয়ারম্যানদের

দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ হিসাব করার দাবি জানিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দায়িত্ব বুঝে নেওয়ার পর থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ হিসাব করার দাবি জানিয়েছে উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন। রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে অ্যসোসিয়েশনের নেতারা এ দাবি জানান। নবম সংসদের প্রথম অধিবেশনে উপজেলা পরিষদ আইন পাস হয়। বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচনের পর পরিষদের প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর উপজেলার মেয়াদ হিসাব করা হয়ে থাকে। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুনুর রশিদ হাওলাদারের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল বিকালে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্য দুই কমিশনারের সঙ্গে বৈঠক করেন। অ্যাসোসিয়েশন নেতারা তাদের চারটি দাবির কথা কমিশনকে জানান। এর মধ্যে মেয়াদকাল ছাড়াও রয়েছে পরিষদে সংসদ সদস্যদের 'হস্তক্ষেপ' বন্ধ , যথাসময়ে নির্বাচনী ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ প্রার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও স্বপদে থেকে সংসদ সদস্য পদে নির্বাচনের সুযোগ। অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হারুনুর রশিদ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রায় একবছর মেয়াদ পেরোলেও এসব নির্বাচিত প্রতিনিধিরা আইন অনুযায়ী দায়িত্ব বুঝে পাননি। একারণে পরিষদের আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে পাওয়ার পর থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদ হিসাব করার দাবি জানানো হয়েছে।" তবে সিইসি এটিএম শামসুল হুদা বলেছেন, বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে না মন্তব্য করে বলেছেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করা হবে। তবে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের স্বপদে থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি প্রসঙ্গে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, "আইন অনুযায়ীই নির্বাচন করতে হবে। কোনো পদে বহাল থেকে আরেকটি নির্বাচন করার সুযোগ নেই।" অন্য নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন জানান, নির্বাচনী ব্যয়ের রিটার্ন দাখিলে ব্যর্থদের বিরুদ্ধে মামলার বিষয়টি আদালত দেখছে। এক্ষেত্রে ইসির করার কিছু নেই। দীর্ঘ দেড় যুগ পর গত জানুয়ারিতে তৃতীয় উপজেলা পরিষদ নির্বাচন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএনএস/এসকে/০০৫৫ঘ.