২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় জমি ও ঘের দখলের সংঘর্ষে নিহত ২

জমি ও চিংড়ি ঘের দখল নিয়ে বিরোধে পৃথক ঘটনায় সাতক্ষীরায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 12:32 PM

সাতক্ষীরা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি ও চিংড়ি ঘের দখল নিয়ে বিরোধে পৃথক ঘটনায় সাতক্ষীরায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুইজন। এর মধ্যে শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডিপুর গ্রামের ফজর আলী (৭০) শনিবার গভীর রাতে এবং আশাশুনির দক্ষিণ একসোরা গ্রামের কওসার আলী গাজী (৬০) রোববার ভোরে মারা যান। এলাকাবাসীর বরাত দিয়ে সাতক্ষীরার পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) এসএম মনির উজ্জামান বলেন, একখণ্ড জমি নিয়ে আবাদ চণ্ডিপুর গ্রামের ফজর আলী গাজীর সঙ্গে খাগড়াঘাট গ্রামের বারী সরদারের বিরোধ চলে আসছিল। শনিবার দুপুরে বারী লোকজন নিয়ে জমি দখল করতে গেলে ফজর আলী বাধা দেন। এ সময় বারীর লোকজনের মারপিটে ফজর আলী, তার স্ত্রী নূরজাহান বেগম ও ছেলে আবু মুছা গুরুতর আহত হন। প্রতিবেশীরা তাদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পর ফজর আলী মারা যান। এসপি আরো বলেন, দক্ষিণ একসোরা গ্রামের রফিকুল ইসলামের সঙ্গে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের একটি চিংড়ি ঘের নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৫ ডিসেম্বর ওই ঘের দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষে কওসার আলী গাজী আহত হন। এরপর তাকে কয়রা উপজেলার জায়গীর মহল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার ভোরে তিনি মারা যান। ময়নাতদন্তের জন্য লাশ দু'টি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্যামনগর ও আশাশুনি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৬ ঘ.