২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধের বিচারে মার্চের মধ্যে তদন্ত সংস্থা'

আগামী মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2009, 08:47 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী মার্চের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল গঠনের মধ্য দিয়ে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু করতে চায় সরকার। যুদ্ধাপরাধ আদালতের নির্ধারিত স্থান পুরনো হাইকোর্ট ভবন পরিদর্শনের পর রোববার আইনমন্ত্রী শফিক আহমেদ সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন সেল আগামী ফেব্র"য়ারি-মার্চের মধ্যে গঠন করা হবে।" তিনি জানান, পুরনো হাইকোর্ট ভবনে পাকিস্তান আমলের প্রধান বিচারপতির খাস কামরায় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল স্থাপন করা হবে। ওই ভবনেই তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন সেলের অফিস হবে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের পুরনো হাইকোর্ট ভবনে বর্তমানে জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিবালয় রয়েছে। তা বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরিয়ে নেওয়া হবে বলে মন্ত্রী জানান। আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগী রাজাকার, আলবদর ও আল শামস বাহিনীর সদস্যদের অপরাধের বিচারের উদ্যোগ নেয়। এটা তাদের নির্বাচনী প্রতিশ্র"তিতেও রয়েছে। এজন্য আইন সংশোধনের পর গত নভেম্বরে আদালতের স্থান হিসেবে আব্দুল গণি রোডের একটি ভবন নির্ধারণ করলেও পরে তা পরিবর্তন করা হয়। আইনমন্ত্রী বলেন, "কোনো ব্যক্তি বা দলকে হয়রানির জন্য যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে না। যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদেরই বিচার করা হবে।" বিচার শুরু করার ক্ষেত্রে সরকারের আন্তরিকতার কথা তুলে ধরে শফিক বলেন, "জামায়াতে ইসলামী যতই চেষ্টা করুক না কেন প্রকৃত অপরাধীদের রক্ষা করতে পারবে না। বিচার তাদের হবেই।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমআই/১৪৪০ ঘ.