২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশরাফের বক্তব্যের সমালোচনায় মাহবুব

বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন দলটির নবগঠিত স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2009, 08:06 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

ঢাকা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির নতুন কেন্দ্রীয় কমিটি নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করেছেন দলটির নবগঠিত স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। বিএনপির কমিটি গঠন গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে দাবি করে মাহবুব শুক্রবার বলেছেন, যারা তাদের 'নির্বাচিত' কমিটি নিয়ে কথা বলে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। আশরাফ বৃহস্পতিবার বলেন, "দুর্নীতিবাজ ও লুটপাটকারীদের বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে আবারও দুর্নীতির রাজত্ব কায়েম হবে।" এর প্রতিক্রিয়ায় মাহবুব জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের বলেন, "একটি সফল কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত আমাদের দলের নতুন নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের মন্তব্য অগণতান্ত্রিক ও ফ্যাসিস্ট মনোভাবের বহিঃপ্রকাশ। "তার ওই বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যারা আমাদের নির্বাচিত কমিটি নিয়ে কথা বলেন, তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না।" দীর্ঘ ১৪ বছর পর গত ৮ ডিসেম্বর বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিল হয়। এতে তারেক রহমান সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে তার সমালোচনা করে আওয়ামী লীগ। কাউন্সিলে দায়িত্ব পেয়ে পরে নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া। এ বছরের মাঝামাঝিতে আওয়ামী লীগের কাউন্সিলেও শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে দলীয় প্রধান শেখ হাসিনা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সাবেক সেনাপ্রধান মাহবুব বলেন, "বিএনপির নেতৃত্বে নবীন-প্রবীণের সমন্বয় ঘটেছে। এটা ভালো দিক। বিএনপি আবার ঘুরে দাঁড়িয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৩৫৫ ঘ.