২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে এক পরিবারের ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের একটি বস্তিতে বৃহস্পতিবার ভোররাতে আগুনে এক পরিবারের তিনজন মারা গেছে। পুড়েছে ৭০টি ঘর। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2009, 05:07 AM

Updated : 26 Aug 2022, 12:32 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের একটি বস্তিতে বৃহস্পতিবার ভোররাতে আগুনে এক পরিবারের তিনজন মারা গেছে। পুড়েছে ৭০টি ঘর। আগুনে সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে অর্ধশতাধিক পরিবার। রাত ৩টার দিকে শহরের টানবাজার এলাকার র‌্যালিবাগান বস্তিতে অগ্নিকাণ্ড ঘটে বলে নারায়ণগঞ্জ মডেল থানার ওসি আকতার হোসেন জানান। খবর পেয়ে দমকল বাহিনী গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল বাহিনীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। নিহতরা হলেন- বস্তিবাসী নারায়ণের (৮৫) স্ত্রী মনো রাণী (৬৫), মেয়ে মণি রাণী (২৫) ও তার ছেলে কিশোর চন্দ্র (৪)। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছে বস্তির আরো ২০ বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় জানা যায় নি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ওসি আকতার জানান, ব্রিটিশ শাসনামলে তাদের মালিকানাধীন পাট ব্যবসা প্রতিষ্ঠান র‌্যালি ব্রাদার্সের শ্রমিকরা র‌্যালিবাগান বস্তিতে বসবাস করতো। র‌্যালি ব্রাদার্স বিলুপ্ত হওয়ার পর তাদের বংশধররা এখানে বসবাস করলেও বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে। তিনি বলেন, "র‌্যালি ব্রাদার্সের শ্রমিক নারায়ণের (৮৫) ঘর থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনার আকস্মিকতায় হতবিহবল বস্তিবাসী আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এ সময় নারায়ণের ঘরে ঘুমিয়ে থাকা তার স্ত্রী মনো রাণী, মেয়ে মণি রাণী ও তার ছেলে কিশোর আগুনে দগ্ধ হয়ে মারা যায়।" আগুন বস্তিতে ছড়িয়ে পড়লে ৭০টি ঘর পুড়ে যায় বলে ওসি জানান। দমকল বাহিনীর নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী আহসানুল কবির জানান, বস্তিতে ঢোকার পথ সঙ্কীর্ণ হওয়ায় আগুন নেভাতে বেগ পেতে হয়। আগুণের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও তিনি জানান। ওসি আকতার বলেন, "নারায়ণের ঘর থেকেই আগুনের সূত্রপাত। বস্তিতে প্রায় ঘরেই টিভি, ফ্রিজ ছিল। আমাদের ধারণা, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা। এটা নিছক দুর্ঘটনাই মনে হচ্ছে। নাশকতার প্রমাণ পাওয়া যায়নি।" নারায়ণ জানান, তিনি ও তার ছেলে বাবু পাশের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ দেখতে পান ওই ঘরের চালে আগুন। সঙ্গে সঙ্গেই বাবুকে জাগিয়ে তিনি স্ত্রী, মেয়ে ও নাতিকে বের করতে যান। কিন্তু ততক্ষণে সে ঘরের টিনও জ্বলছিল। চোখের সামনেই জ্বলন্ত টিন বিছানার উপর পড়ে। একই লেপের নিচে ঘুমিয়ে ছিল তিনজন। তাদের বের করার উপায় ছিল না। ঘটনার বর্ণনা দিতে দিতে কান্নায় ভেঙ্গে পড়েন নারায়ণ। শাশুড়ি, স্ত্রী, ছেলের মৃত্যুর খবর শুনে ছুটে আসে গার্মেন্টস শ্রমিক কৃষ্ণ চন্দ্র ঘোষ। শোকে বিহবল কৃষ্ণ জানান, তারা থাকেন দেওভোগে। বুধবার চার বছরের ছেলে কিশোর বায়না ধরে নানীর কাছে যাবে। স্ত্রী মণি রাণী ছেলেকে নিয়ে র‌্যালিবাগানে মায়ের বাড়িতে আসে। বস্তিবাসী রহমত (৪০) বলেন, "আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। তখন স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে আসি। আমাদের ঘর পুড়ে ছাই হয়ে গেছে।" আগুন পুড়ে ছাই হয়েছে আকলিমা বেগমের ঘরও। পরিবার নিয়ে কোথায় দাঁড়াবেন তা জানেন না তিনি। কান্না বিজড়িত কণ্ঠে আকলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুধু পোলাপান আর জান লইয়া বাইর হইয়া আইছি।" নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একেএম নাসিম ওসমান, নারায়ণগঞ্জ পৌর মেয়র সেলিনা হায়াত আইভি, জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) আফজাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল্লাহ্ নূরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নাসিম ওসমান ক্ষতিগ্রস্তদের নগদ ৫০ হাজার টাকা, জেলা প্রশাসক নিহতের পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ পাঁচশ' টাকা, ২০ কেজি চাল, একটি করে কম্বল দিয়েছেন। পৌর মেয়র আইভি তাদেরকে শীতবস্ত্র দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/আরএ/এজে/এমআই/১৭৫০ ঘ.