২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ভুয়া পরোয়ানায় সাতদিন কারাবাস

নারায়ণগঞ্জে কথিত জাল পরোয়ানায় গ্রেপ্তার ৭৫ বছরের এক বৃদ্ধকে সাত দিন কারাভোগ করতে হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2009, 02:56 PM

Updated : 26 Aug 2022, 12:31 PM

নারায়ণগঞ্জ, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে কথিত জাল পরোয়ানায় গ্রেপ্তার ৭৫ বছরের এক বৃদ্ধকে সাত দিন কারাভোগ করতে হয়েছে। কক্সবাজার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতের বলে কথিত ওই পরোয়ানায় গত ১৭ নভেম্বর নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকার ইসমাইল হোসেন বেপারীকে পুলিশ গ্রেপ্তার করে। সাত দিন কারাভোগের পর নারায়ণগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্ত হন। ইসমাইল বেপারীর ছেলে সৈয়দ হোসেন বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কক্সবাজারের আদালতের একটি পরোয়ানার কথা বলে নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক মাহফুজ আমার বাবাকে গ্রেপ্তার করেন। "আমি ওয়ারেন্টের কাগজ নিয়ে কক্সবাজার মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে এ বিষয়ে জানতে চাইলে আদালত লিখিতভাবে জানায়, এই নামে কোনো পরোয়ানা জারি হয়নি।" সৈয়দ হোসেন অভিযোগ করেন জমিজমা নিয়ে বিরোধের কারণে প্রতিপক্ষ পুলিশকে দিয়ে তাদের হয়রানি করছে। এ ব্যাপারে পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও তিনি জানান। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন বলেন, "কক্সবাজারের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালত থেকে ইসমাইল বেপারী ও তার তিন ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আসে। তাই ইসমাইল বেপারীকে গ্রেপ্তার করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.