২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রস্তাবিত ট্রাইব্যুনাল ভবনে স্থান অপ্রতুল'

যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য প্রস্তাবিত আব্দুল গণি রোডের ভবনটিতে স্থান সংকুলান হবে না বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2009, 11:37 AM

Updated : 26 Aug 2022, 12:31 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনাল স্থাপনের জন্য প্রস্তাবিত আব্দুল গণি রোডের ভবনটিতে স্থান সংকুলান হবে না বলে মনে করছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেন, "তদন্ত কর্মকর্তা, পর্যবেক্ষক, গণমাধ্যম, বিচারক, এজলাস ও আনুষাঙ্গিক অন্যান্য কাজের জন্য অনেক জায়গার প্রয়োজন। ভবনটি ট্রাইব্যুনালের স্থান সংকুলানের জন্য অপ্রতুল।" সোমবার দুপুরে ট্রাইব্যুনাল স্থাপনে প্রস্তাবিত আব্দুল গণি রোডের ১৪ নম্বর ভবনটি পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। আব্দুল গণি রোডের ভবনটি ছাড়াও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল স্থাপনে প্রস্তাবিত পুরাতন সুপ্রিম কোর্ট ভবন ও বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউট (কার্জন হল সংলগ্ন) ভবনও পরিদর্শন করেন তিনি। মন্ত্রী বলেন, "আমরা এখনো স্থাপনা নির্ধারণের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি।" এর আগে গণি রোডের এই ভবনটি (নিবন্ধন পরিদপ্তর) ট্রাইব্যুনাল ভবন ব্যবহার করা হবে বলে জানানো হয়েছিল। এ বিষয়ে শফিক আহমেদ বলেন, "আগে সিদ্ধান্ত ছিল-এ ভবনটি ট্রাইব্যুনালের জন্য ব্যবহার করা যায় কিনা। ট্রাব্যুনালের জন্য যে স্থান দরকার, আমার মনে হয় এখানে স্থান সংকুলান অপ্রতুল। এজন্যে অন্য চিন্তাভাবনাও আছে আমাদের।" অন্য স্থাপনাগুলো দেখে শিগগির সিদ্ধান্ত নেওয়া হবে জানান তিনি। পরিদর্শনকালে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমএসবি/১৭২৮ ঘ.