ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের উপ-সচিব পর্যায়ের চার কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এছাড়া দু'জন সহকারী অধ্যাপককে একটি প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়।
রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এসব রদবদল করা হয়।
উপ-সচিবদের মধ্যে বিসিকের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। নতুন সচিব হিসেবে ওই পদে নিয়োগ পান ওএসডি উপ-সচিব ভুবন চন্দ্র বিশ্বাস।
পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত উপ-সচিব আব্দুর রশিদকে যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর-এ উপ-নিবন্ধক এবং ওএসডি উপ-সচিব একেএম আনিসুল আওয়ালকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (নিপোর্ট) পরিচালক হিসেবে পদায়ন ও প্রেষণে নিয়োগ করা হয়।
এছাড়া সরকারি সঙ্গীত কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ পারভীন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর গবেষণা কর্মকর্তা সহকারী অধ্যাপক (রাষ্ট্রবিজ্ঞান) এইচএম কবির হোসেনকে প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্পে (দ্বিতীয় পর্যায়) সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এইচএ/১৯৪৪ ঘ.
bdnews24