২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি 'চুক্তিই' গৃহীত

প্রায় ২৩ ঘণ্টা বাদানুবাদের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি চুক্তির খসড়া গ্রহণ করেছে কোপেনহেগেন বিশ্ব জলবায়ু সম্মেলন। কোপেনহেগেন থেকে লিখছেন মারুফ মল্লিক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2009, 05:12 PM

Updated : 26 Aug 2022, 12:30 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রমেন্ট করসপনডেন্ট কোপেনহেগেন, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রায় ২৩ ঘণ্টা বাদানুবাদের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি চুক্তির খসড়া গ্রহণ করেছে কোপেনহেগেন বিশ্ব জলবায়ু সম্মেলন। এর মাধ্যমে সম্মেলনটি পুরোপুরি ব্যর্থতার হাত থেকে রক্ষা পেয়েছে বলে মন্তব্য করেছেন অনেক পর্যবেক্ষক। সুদান, বলিভিয়া, নিকারাগুয়া ও কিউবার জোরালো অবস্থানের কারণে আনুষ্ঠানিক অনুমোদন মেলেনি এ খসড়ার। শুক্রবার রাতভর চলে প্লেনারি সেশন। তবে কোনও ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইউএনসিসিসি'র ১৯৩টি সদস্য দেশ। আলোচনা শনিবার পর্যন্ত অব্যাহত থাকে। সকালে এক ঘণ্টা বিরতি দিয়ে সোয়া ৯টায় শুরু হওয়া অধিবেশনে চুক্তিটি নোট হিসেবে গ্রহণ করা হয়। তবে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। শনিবার সময়স্বল্পতার কথা বলে সুদান, ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশের প্রতিনিধিকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। সম্মেলনে বাংলাদেশের পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, "আমরা এখান থেকে কি নিয়ে যাবো দেশের কোটি কোটি মানুষ তার দিকে তাকিয়ে আছে। জনগণের করের টাকায় আমরা এখানে এসেছি। আমাদের অনেক দাবিরই চুক্তিতে প্রতিফলন ঘটেনি। তবে শেষ পর্যন্ত আমরা একটি চুক্তি পেয়েছি।" পরে তিনি সাংবাদিকদের বলেন, ইউএনএফসিসি ৭.২ (সি) অনুচ্ছেদ অনুসারে কমপক্ষে দু'টি দেশ সুপারিশ করলে নোট হিসেবে গ্রহণ করে অ্যাকর্ডে পরিণত করতে হয়। বাংলাদেশসহ কয়েকটি দেশ এটি নোট হিসেবে গ্রহণ করার সুপারিশ করে। বেলা ১১টায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, "শেষ পর্যন্ত আমরা চুক্তি দেখতে পাচ্ছি। সব দেশ তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির নিচে রাখার বিষয়ে একমত হয়েছে। অনেক দেশই কার্বন হ্রাসের বিষয়ে প্রতিশ্রতি দিয়েছে।" তবে মহাসচিব বলেন, এ চুক্তিকে আইনী বাধ্যবাধকতার মধ্যে আনতে হবে। কোপেনহেগেন গ্রিন ক্লাইমেট ফান্ড গঠন করতে হবে। কেন এ চুক্তিতে পুরোপুরি অনুমোদন দেওয়া হলো না প্রশ্নের উত্তরে জাতিসংঘের মহাসচিব সরাসরি উত্তর না দিয়ে বলেন, সম্মেলনে ১৩০ টি দেশের নেতারা ছিলেন। সব বিশ্ব নেতা বিশ্ব জলবায়ুর পরিবর্তনের বিষয়ে প্রতিশ্রতিবদ্ধ। এটি একটি জটিল বিষয়। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। আমরা এর পেছনে অনেক সময় ব্যয় করেছি। সমাপনী দিনে শুক্রবার সকাল ১১টার দিকে শুরু হয় প্লেনারি সেশন। তিনদফা বিরতি দিয়ে শনিবার স্থানীয় সময় সকাল ৮ পর্যন্ত আলোচনা চলে। সম্মেলন শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শুক্রবার গভীররাত পর্যন্ত চুক্তির বিষয়ে একমত হতে না পারায় শনিবার পর্যন্ত তা বাড়ানো হয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দেন। স্থানীয় সময় বিকাল ৫টার দিকে মূল আলোচনায় বিরতি দেওয়া হয়। এ সময় বারাক ওবামা ভারত, চীন, ব্রাজিলসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন, তাদের মধ্যে কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও চীনের নেতৃত্বে ২৫ দেশ মিলে দিনভর আলোচনা করে এ খসড়াটি তৈরি করলেও বারবারই তা ফাঁস হয়ে যায়। শুক্রবার সারাদিনে মোট ৬ বার উপস্থাপনের আগেই প্রকাশ হয়ে যাওয়া ৬টি খসড়া অনুলিপি পাওয়া গেছে। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২ টা) প্লেনারি পর্বে রাষ্ট্রপ্রধানরা আলোচনা শেষে কোপেনহেগেন ঘোষণার সিদ্ধান্ত দেওয়া ও আনুষ্ঠানিক ফটোসেশনের কথা থাকলেও ৫টার দিকে তা বাতিলের কথা জানানো হয়। গভীররাতে শুরু হওয়া প্লেনারি সেশনে প্রথমেই বক্তব্য দেন টুভালু প্রতিনিধি। তিনি বলেন, জাতিসংঘকে পাশ কাটিয়ে এ চুক্তি করা হচ্ছে। এরপর কিওটো প্রটোকলের ভবিষ্যত কি হবে তা নিশ্চিত করা হয়নি। এ চুক্তি তার দেশের পক্ষে স্বাক্ষর করা সম্ভব না বলে জানান টুভালু প্রতিনিধি। ভেনিজুয়েলার প্রতিনিধি কোপেনহেগেন সমঝোতার খসড়ার ওপরে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "মার্কিন প্রেসিডেন্ট রাতের বেলা সম্রাটের মতো এসে আমাদের সামনে একটি চুক্তি ছুড়ে দিয়ে গেছেন। এরকম অগণতান্ত্রিক পদ্ধতিতে কোনওভাবেই মতৈক্যে পৌঁছানো সম্ভব নয়।" প্রস্তাবিত চুক্তিতে কিছু পরিবর্তন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন। এতে বক্তব্য দিতে গিয়ে কড়া সমালোচনা করে সুদানের প্রতিনিধি লমুম্বা বলেন, "কেউ না, ওবামা নয়, এমনি আপনিও (ডেনমার্কের প্রধানমন্ত্রী) আমাদের এ খসড়ায় স্বাক্ষর করতে বাধ্য করতে পারেন না। ১০০ বিলিয়ন ডলার ঘুষ দিয়ে আমাদের মহাদেশকে ধ্বংস করা হবে।" সম্মেলনে প্রথম থেকেই মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলিষ্ঠ ভূমিকা রাখলেও রাতের প্লেনারি আলোচনায় তিনি বলেন, "এই খসড়ার প্রতি আমি বার বার আমার আপত্তির কথা জানিয়েছি। তবে সার্বিক দিক বিবেচনা করে একটি ঘোষণার জন্য হলেও এ খসড়ায় স্বাক্ষর করা যেতে পারে।" এরপর নিকারাগুয়া ও বলিভিয়ার পক্ষ থেকেও খসড়া অঙ্গীকারনামার বিরোধিতা করা হয়। শুক্রবার বাংলাদেশের প্রতিনিধি তার বক্তব্যে বলেন, একটি গ্রহণযোগ্য চুক্তিতে উপনীত হওয়ার জন্য আলোচনা চালিয়ে যাওয়া উচিত। সমঝোতায় অংশ নেওয়া বাংলাদেশের একজন প্রতিনিধি জানান বিতর্কিত খসড়াটি ২৫ দেশ মিলে তৈরি করলেও পরে যুক্তরাষ্ট্র, চীন, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা চূড়ান্ত করে। দেড় ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা বাড়তে না দেওয়াসহ বেশ কিছু শর্তে ইউরোপিয়ান ইউনিয়ন রাজি হয়েছিল। কিন্তু চীনের বিরোধিতার কারণে তা সম্ভব হয়নি। চুক্তিতে কি আছে- প্রস্তাবিত চুক্তিতে বলা হয়েছে, তাপমাত্রার বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। তবে এর সময়সীমা এবং কিসের ভিত্তিতে সীমাবদ্ধ রাখা হবে তা বলা হয়নি। তবে এ বিষয়ে দু'টি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটি নির্ধারণ করবে কীভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। খসড়া তৈরির শেষ পর্যায়ে বাংলাদেশের প্রস্তাবে এটি যুক্ত করা হয় বলে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী বলেন। বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোর দাবি ছিল এ শতাব্দীর শেষ নাগাদ ১ দশমিক ৫ ডিগ্রির মধ্যে তাপমাত্রা বৃদ্ধি সীমাবদ্ধ রাখা। আফ্রিকার দেশগুলো ১ ডিগ্রি সেলসিয়াসের জন্য দাবি করে আসছিল। কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে ২০২০ সালকে লক্ষ্য করে লক্ষ্যমাত্রা নির্ধারণ করার কথা বলা হয়েছে। তবে ২০১৫ সালের মধ্যে সর্বোচ্চমাত্রা এবং ২০৫০ সালের মধ্যে ৪৫ শতাংশ হ্রাস করার দাবি ছিল। খসড়ায় ২০১০-২০১২ সালের জন্য ৩০ বিলিয়ন ডলারের একটি তহবিলের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, এ অর্থ ক্ষতি হ্রাস ও অভিযোজনের জন্য সমানভাবে বরাদ্দ করা হবে। অভিযোজনের জন্য অর্থ ঝুঁকির মাত্রা বিবেচনায় বরাদ্দ দেওয়া হবে। ২০২০ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জন্য ১০০ বিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করা হবে। সরকারি বেসরকারি, বহুমূখী বিকল্প উৎস থেকে এর অর্থ আসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২৫৯ঘ.