সিলেট, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট- সুনামগঞ্জ সড়ককে মহাসড়কে রূপান্তর এবং সংস্কারের দাবিতে শনিবার বিকালে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।
নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক বাস্তবায়ন পরিষদ আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
পরিষদের আহবায়ক আবু তাহের সাংবাদিকদের জানান, প্রয়োজনে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ার জানান, দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- আলী আহমদ, অধ্যাপক সুধাংশু তালুকদার, মদন মোহন কলেজের অধ্যক্ষ আতাউর রহমান পীর প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯১৬ ঘ.
bdnews24