নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ক্যালিকো সোয়েটার কারখানা বৃহস্পতিবার বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্বমন্দার প্রভাবে কারখানা চালানো সম্ভব নয়- উল্লেখ করে কর্তৃপক্ষ সকালে বন্ধের ঘোষণা দিয়ে নোটিশ ঝুলিয়ে দেয়।
পাওনা না মিটিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
ফতুল্লার ফাজেলপুরের রসুলপুর এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা জানান, গত ১৯ অক্টোবর কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়।
তাদের অভিযোগ, লে-অফ চলাকালীন শ্রম আইন অনুযায়ী পাওনা দেওয়া হয়নি। দেনা-পাওনা নির্ধারণ না করেই কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, মালিক পক্ষ ঘোষণা দিয়েছে আগামী ১০ জানুয়ারি শ্রমিকদের পাওনা বুঝিয়ে দেবে। মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে আলোচনা করে তারা সমস্যা সমাধানের চেষ্টা চালাচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24