ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজেদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন সুষ্ঠুভাবে পালন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ খ্রিস্টান সমিতি।
সমিতির নেতারা বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তার কার্যালয়ে দেখা করে এ সহায়তা চায়।
সমিতির সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন ও মহাসচিব নির্মল রোজারিও'র নেতৃত্বে প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও র্যাবের অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান খান এ সময় উপস্থিত ছিলেন।
সভা শেষে সাহারা খাতুন সাংবাদিকদের জানান, সমিতির পক্ষ আগামী ২৫ ডিসেম্বর বড়দিন ও ১ জানুয়ারি আরেকটি ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে পালনে প্রয়োজনীয় সহায়তা চাওয়া হয়েছে। তাদের আগের মতোই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসব আয়োজন ও পালনে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছিলো জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের বিষয়েও তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
কোনো ধরনের 'বিশৃঙ্খলা কিংবা বিরূপ পরিস্থিতি সৃষ্টি'র চেষ্টার তথ্য পাওয়া গেলে তা তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানাতে সমিতির নেতাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24