২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে বিজয় দিবস উদযাপিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার বরিশালে বিজয় দিবস উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 04:31 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

বরিশাল, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার বরিশালে বিজয় দিবস উদযাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সুর্যোদয়ের আগে নগরীর পুলিশ লাইনস্ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। সকালে কেন্দ্রীয় শহীদ মিনার, মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ ও বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল সিটি মেয়র শওকত হোসেন হিরন, বিভাগীয় কমিশনার সন্তোষ রঞ্জন তালুকদার, সাংসদ মজিবর রহমান সরোয়ার, তালুকদার মো. ইউনুস, জেলা প্রশাসক মো. মশিউর রহমান, ভারপ্রাপ্ত ডিআইজি বিনয় কৃষ্ণ বালা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুর রহিম, পুলিশ সুপারিনটেনডেন্ট মো. মাহাবুবুর রহমান প্রমুখ। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনও শহীদদের শ্রদ্ধা জানায়। সকাল ৯টায় বঙ্গবন্ধু উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন, সালাম গ্রহণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন করা হয়। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং পরে সোহেল চত্বর থেকে একটি বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করা হয়। বিএনপির দুটি গ্র"প পৃথক কর্মসূচি পালন করে। এর মধ্যে সকাল ৮ টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং সেখান থেকে একটি শোভাযাত্রা নিয়ে বধ্যভূমিতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বেলা ১২টার দিকে মহানগর বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে আরেকটি শোভাযাত্রা বের করা হয়। বরিশাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সকাল সোয়া ৮টায় মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সন্ধ্যায় শহীদ মিনারে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অনুষ্ঠান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসকে/২২২৭ঘ.