২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের বিচারের জোর দাবি

বিজয়ের ৩৮তম বার্ষিকীতে উৎসবের মধ্যেই একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে জোরালোভাবে। সরকার উদ্যোগ নিলেও বিচার শুরুতে যেন দেরি না হয়, সে প্রত্যাশাই করছে দেশবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 11:15 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয়ের ৩৮তম বার্ষিকীতে উৎসবের মধ্যেই একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে জোরালোভাবে। সরকার উদ্যোগ নিলেও বিচার শুরুতে যেন দেরি না হয়, সে প্রত্যাশাই করছে দেশবাসী। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মিজানুর রহমান বিজয় দিবসে সাধারণ ছুটির দিনে বুধবার সংসদ ভবন এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভালো লাগছে। ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানের শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছিলো, এটি সত্যিই খুব আনন্দের।" "আমরা চাই, বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হোক। এ দেশের মানুষ ন্যায় বিচার পাক। একাত্তর ও এর পরবর্তী সব হত্যাকাণ্ডের বিচার হোক", বলেন তিনি। মিজানুর রহমানের মতো আরো অসংখ্য মানুষ বাংলাদেশের অভ্যূদয়ের এ দিনটিতে সংসদ ভবন এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে জড়ো হয়েছে। এদেরই একজন পুরান ঢাকার ক্ষুদ্র ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অনুভূতি জানান এভাবে- "আমার বাবা মুক্তিযোদ্ধা ছিল। আমরা শুনেছি, সে সময় কারা পাকিস্তানি বাহিনীর সঙ্গে এদেশের মানুষের হত্যাকাণ্ডে জড়িত ছিলো। কিন্তু পরবর্তীতে তারাই এদেশে এমপি-মন্ত্রী হয়েছেন। "এতোদিনে যুদ্ধাপরাধীদের বিচার হলে এদেশ আরো অনেক এগিয়ে যেতো। তাই যত দ্রুত সম্ভব যুদ্ধাপরাধীদের বিচার করা হোক।" রাজধানীর বিভিন্ন স্থানে সম্মিলিত সাংস্কৃতিন জোটসহ নানা সংগঠনের অনুষ্ঠানেও যুদ্ধাপরাধের বিচার দ্রুত শুরুর তাগিদ দেওয়া হয়েছে। সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। আর সেই বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।" যুদ্ধাপরাধীদের বিচার শুরুর ক্ষেত্রে দেরি না করতে সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। ক্ষমতাসীন জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুতই বিচার হবে।" স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সাংবাদিকদের বলেন, "যুদ্ধাপরাধীদের বিচার অবিলম্বে শুরু করতে হবে।" তবে যুদ্ধাপরাধের বিচার যেন 'রাজনৈতিক প্রহসনে' পরিণত না হয়, সেজন্য সরকারকে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। তিনি বলেন, "বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে নয়। তবে সেই বিচার যেন স্বচ্ছ ও সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে হয় সে বিষয়ে সরকারকে সর্তক থাকতে হবে।" নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার গত ৬ জানুয়ারি সরকার গঠনের পর একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের সহযোগিদের বিচারের উদ্যোগ নেয়। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ১৯৭৩ সংশোধন হয়েছে। রাজধানীর আব্দুল গনি রোডে আদালত স্থাপনের কাজও শুরু হয়েছে। কিন্তু গণভবন এলাকার ভ্যানচালক আব্দুল হান্নান মনে করেন, যুদ্ধাপরাধীদের বিচারের চেয়ে এ মুহূর্তে বড় কাজ হলো দেশের উন্নয়ন করা। "যখন বিচার করা উচিত ছিলো, তখন হয়নি। শেখ মুজিব তো তাদের ক্ষমাই করে দিয়েছেন। এখন বিচার করে লাভ কী? এইসব বিচারের চেয়ে দেশের উন্নয়ন করা এখন ভালো", বলেন তিনি। যদিও বঙ্গবন্ধুর সাধারণ ক্ষমার পুরো বিষয়টি তার অজানা। '৭৩ সালের ৩০ নভেম্বর সাধারণ ক্ষমায় ২৬ হাজার অভিযুক্ত মুক্তি পায়। তবে যারা হত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ ও অপহরণে যুক্ত ছিলো, তাদের সাধারণ ক্ষমার আওতায় রাখা হয়নি। সাধারণ ক্ষমা ঘোষণার পরও প্রায় ১১ হাজার অপরাধীর বিচার কাজ চলছিল, যা '৭৫ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর বন্ধ হয়ে যায়। অভিযুক্ত অনেককে পরবর্তী সরকারগুলো রাজনৈতিকভাবে পুনর্বাসিত করে বলেও অভিযোগ রয়েছে। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্বদানকারী সামরিক কর্মকর্তাদের সংগঠন সেক্টর কমান্ডারস ফোরামের সমন্বয়ক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হারুনূর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বহুল প্রত্যাশিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায়ের পর এবার জাতি যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার। যেহেতু এ সরকারের নির্বাচনী প্রতিশ্র"তির মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচার করার অঙ্গীকার ছিলো, তাই এ সময়েই এ বিষয়টির মীমাংসা হবে তা জাতির কাছে প্রত্যাশিত।" বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়, স্বাধীনতা সংগ্রামের সময় পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের এ দেশি সহযোগীরা ৩০ লাখ নিরীহ মানুষকে হত্যা এবং দুই লাখ নারীর সম্ভ্রমহানি করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আবির্ভূত হওয়ার পরই এদেশে হত্যাকাণ্ড, ধর্ষণ, লুটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধে পাকিস্তানি বাহিনীর সহযোগীদের বিচারের উদ্যোগ নেয়। ১৯৭২ সালে ২৪ জানুয়ারি 'বাংলাদেশ দালাল (বিশেষ ট্রাইবুনাল) অধ্যাদেশ, ১৯৭২' জারি করা হয়। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিচারের জন্য একই বছরের ২৮ মার্চ এ আইনের আওতায় সারাদেশে ৭৩টি বিশেষ ট্রাইব্যুনাল স্থাপন করা হয়। ৩৭ হাজার ৪৭১ জনকে গ্রেপ্তার করে দালাল আইনে বিচার কাজ শুরু হয়। ১৯৭৩ সালের ৩১ অক্টোবরের মধ্যে ২৮৪৮ জনের বিচার সম্পন্ন হয়। এদের মধ্যে ৭৫২ জনকে মৃত্যুদণ্ডসহ বিভিন্ন ধরনের সাজা দেওয়া হয় এবং বাকি ২০৯৬ জন নির্দোষ প্রমাণে মুক্তি পান। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর ১৯৭৫ সালের ৩১ ডিসেম্বর এক অধ্যাদেশ জারির মাধ্যমে দালাল আইন বাতিল করে অভিযুক্তদের মুক্তি দেওয়া হয়। বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরবি/এমআই/১৭০০ ঘ.