২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী মুক্তিযোদ্ধা নিবেদিতার কথা

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদানের ইতিহাস খুব বেশি আলোচিত হয় না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 10:01 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

সিলেট, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নারীদের প্রত্যক্ষ বা পরোক্ষ অবদানের ইতিহাস খুব বেশি আলোচিত হয় না। প্রত্যক্ষভাবে স্বল্প সংখ্যক নারী অংশ নিলেও মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে নারীদের অবদান কম নয় বলে মনে এখন মনে করেন বিশ্লেষকরা। সম্মুখ সমরে অংশ না নিয়েও কীভাবে দেশের জন্য সংগ্রাম করা যায় তার উজ্জ্বল উদাহরণ সিলেটের নিবেদিতা দাশ। ১৯৭১ সালে যুদ্ধের প্রথম দিকেই অনেকের সঙ্গে ভারতে পাড়ি জমান নিবেদিতা। কিন্তু দেশে যখন তুমুল যুদ্ধ চলছে, দেশের প্রতি মমত্ববোধ তাকে সেখানে নিশ্চুপ থাকতে দেয়নি। ভারতে বসেই চিন্তা করলেন কীভাবে নিজের মাতৃভূমিকে দখলদারদের হাত থেকে রক্ষা করা যায়। তাই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয়া অন্যান্য মহিলাদের যুদ্ধে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করতে লাগলেন তিনি। ভারতের আশ্রয়গ্রহণকারী সিলেটের নারীদের নিয়ে গড়ে তুলেন মহিলা মুক্তি ফৌজ। প্রায় ৪২ জন মহিলা ছিলেন এই ফৌজের সদস্য। নিবেদিতা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুক্তি ফৌজের কাজ ছিল যুদ্ধে যাওয়ার জন্য তরুণ যুবকদের উৎসাহিত করা, আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেয়া, মুক্তিযুদ্ধে যেতে আগ্রহী যুবকদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা, মহিলাদের কুটিরশিল্পে প্রশিক্ষণ দেয়া এবং প্রশিক্ষণার্থীদের তৈরি জিনিসপত্র বিক্রি করে তহবিল সংগ্রহ করা। নিবেদিতা দাশের নেতৃত্বে মহিলা যোদ্ধাদের সমন্বয়ে গঠিত এই ফৌজ পরবর্তীতে ৫নং চেলা সাব সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। এই সব সেক্টরের অধীনে তারা সিলেট, ছাতক ও জগন্নাথপুরে বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করেন। তিনি জানান, তাদের এই কাজে সার্বিক সহযোগিতা করতেন ভারতীয় সমাজসেবী অঞ্জলি লাহিড়ী। তিনি মহিলাদের তৈরি জিনিসপত্র বিক্রি করা এবং তহবিল সংগ্রহ করতে সহায়তা করতেন। এছাড়াও এই মহিলা যোদ্ধাদের সার্বিকভাবে সহযোগিতা করেন জাতীয় পরিষদ সদস্য আব্দুল হক, আওয়ামী লীগ নেতা হেমেন্দ্র দাশ পুরকায়স্থ, ধর্মীয় নেতা প্রভাত চন্দ্র চক্রবর্তী ও ভারতীয় খাসিয়া নেতা দেবদাস রায়। নিবেদিতা মেঘালয়েও মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি ও প্রচারের জন্য কাজ করেন। নিবেদিতা দাশ বলেন, "মুক্তিযুদ্ধের জন্য আমাদের কিছু করা প্রয়োজন এই উপলব্ধি থেকে মুক্তি ফৌজ গঠন করি। আমাদের উদ্দেশ্য সফল হয় বিজয় অর্জনের মাধ্যমে।" সিলেট নগরীর লোহারপাড়া এলাকায় বসবারত এ নারী মুক্তিযোদ্ধা আক্ষেপের সুরে বলেন, "কিন্তু বিজয়ের অনেক বছর পেরিয়ে গেলেও আমাদের অবদানের কথা তেমন একটা প্রচারের আলোয় আসে না এখনো। অথচ যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এ এইচ এম কামরুজ্জামান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী আমাদের কার্যক্রম প্রত্যক্ষ করেন।" তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর আজ পর্যন্ত কেউই আমাদের তেমন খবর নেয়নি। তবে বিলম্বে হলেও এখন কিছুটা স্বীকৃতি পাচ্ছি আমি। তিনি জানান, সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল-আজাদের একটি বইয়ে চেলা মহিলা ফৌজ নিয়ে লেখা নিবন্ধ দেখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তাদের খোঁজ খবর নেন। তার নির্দেশেই বিভিন্ন সরকারি অনুষ্ঠানে এখন তাদের আমন্ত্রণ জানানো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫৪৫ ঘ.