ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সড়কগুলোতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ঢাকা মহানগর পুলিশের বিশেষ অভিযানে গত আটদিনে ১০৩ জন চালককে গ্রেপ্তার করা হয়েছে। আটক করা হয় ১৫৭টি গাড়ি।
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) ওয়ালিদ হোসেন এতথ্য জানান।
গত ৮ ডিসেম্বর এ অভিযান শুরু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, অভিযান শুরুর পর মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন মোটরযান ও চালকের বিরুদ্ধে মোটরযান আইনে মোট ৮ হাজার ১৮০টি মামলা হয়েছে। এসময় ট্রাফিক আইন ভাঙার অপরাধে মোট প্রায় পৌনে ৮ লাখ টাকা নগদ জরিমানা আদায় করা হয়। এছাড়া ১৮৪ জন চালকের ড্রাইভিং লাইসেন্স ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছে।
ট্রাফিক আইন ভাঙাসহ বিভিন্ন অপরাধে ১০৩ জন চালককে গ্রেপ্তার ও ১৫৭টি গাড়ি আটক করা হয় বলেও জানান তিনি।
ঢাকার রাস্তায় তিন লেন পদ্ধতি মেনে চলার জন্য গত ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত প্রচারণা চালানো হয়। এর আগে (২১ থেকে ২৮ নভেম্বর) পরীক্ষামূলকভাবে সড়কগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল বাতির মাধ্যমে গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
তবে ৮ ডিসেম্বর থেকে কঠোর অবস্থান নেয় পুলিশ। এরপর থেকে সিগন্যাল বাতি অথবা লেন অমান্য করায় শাস্তির মুকোমুখি হতে হয় রাজধানীর চালকদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/এইচএ/২২০০ ঘ.
bdnews24