চাঁদপুর, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে সোমবার গভীর রাতে তিন সহোদরের বাড়িতে ডাকাতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।
মঙ্গলবার সকালে চাঁদপুর সদর মডেল থানার ওসি কাজী আব্দুল কাইয়ুম ও উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম ঘটনাস্থল পরিদর্শন করেন।
উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০/২৫ জনের ডাকাত দল রাত ১টার দিকে আগ্নেয়াস্ত্র নিয়ে হোসেনপুর গ্রামের ফজল মাল (৭০), হাবিব উল্লাহ মাল (৬০) ও মুখলেছ মালের (৫০) বাড়িতে হানা দেয়।
ডাকাতির শিকার পরিবারগুলো দাবি করেছে- ডাকাতরা ফজলের ঘর থেকে নগদ এক লাখ ২৯ হাজার টাকা ও ৫০ ভরি স্বর্ণ নিয়ে গেছে।
এছাড়া তার ছোট ভাই প্রবাসী হাবিবের ঘর থেকে আট ভরি স্বর্ণ, নগদ ৩৭ হাজার পাঁচশ' টাকা ও চারটি মোবাইল ফোন সেট এবং মুখলেছের ঘর থেকে এক ভরি স্বর্ণ নিয়ে গেছে।
ডাকাতি শেষে চলে যাওয়ার সময় রাস্তায় খালেক মাল নামের আরো একজনের কাছ থেকে তিন হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
ওসি কাইয়ুম বলেন, "এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭৪২ ঘ.
bdnews24