২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ ও ব্রাহ্মণবাড়িয়ায় দুই খুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার দুপুরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2009, 11:07 AM

Updated : 26 Aug 2022, 12:28 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় শনিবার দুপুরে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে স্বামী। শুক্রবার বিকেলে ঝিনাইদহ শহরের আদর্শপাড়ায় প্রতিবেশীর মারধরে আহত এক মুক্তিযোদ্ধা রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নবীনগর উপজেলার আলেয়াবাদ গ্রামে কলহের জেরে দুপুর ১২টার দিকে হত্যা করা হয় গৃহবধূ শামীমা আক্তারকে (২৮)। নবীনগর থানার ওসি রূপক সাহা জানান, হত্যাকাণ্ডের পর স্বামী শরিফুল ইসলাম (৩৫) পালিয়ে গেছেন। তাদের তিনটি সন্তান রয়েছে। তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ছেঁড়া জাল মেরামত নিয়ে শহরের আদর্শপাড়ায় খুন হয়েছেন মুক্তিযোদ্ধা আব্দুল খালেক (৬২)। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শোনিত কুমার গায়েন জানান, শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে জাল মেরামত নিয়ে প্রতিবেশী অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আলী আহমেদের ছেলে নাসিরের সঙ্গে খালেকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে খালেককে মারধর এবং দেয়ালে মাথা ঠুকে দেন নাসির। আহত খালেককে প্রথমে শহরের আল ফালাহ ক্লিনিকে ভর্তি করা হয়। পরে খুলনা মেডিকেল কলেজে নেওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এসআই শোনিত কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল করে শনিবার ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৭০২ ঘ.