ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে পক্ষকালব্যাপী ঢাকা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে শুক্রবার।
এ বইমেলার এবারের প্রতিপাদ্য 'দিন বদলের জন্য বই'। মেলা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।
শুক্রবার বিকাল সাড়ে চারটায় মেলার উদ্বোধন করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।
দেশের প্রধান বই বিকিকিনির আয়োজন অমর একুশে বইমেলার পর দ্বিতীয় বড় এ গ্রন্থমেলা ১৫ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে।
আবুল কালাম আজাদ বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, "এখন থেকে এ মেলাটি ঢাকা আন্তর্জাতিক বইমেলা নামে অনুষ্ঠিত হবে।"
তিনি জানান, মেলায় ২৫ শতাংশ কমিশনে বই বিক্রির ব্যবস্থা থাকবে।
এক প্রশ্নের জবাবে আজাদ বলেন, "মুক্তিযুদ্ধ বা দেশের স্বার্থ বিরোধী কোন প্রকাশনা অবশ্যই গ্রহণযোগ্য হবে না। তবে এক্ষেত্রে গণমাধ্যমকে আরো সতর্ক থাকতে হবে। যাতে এ ধরনের কোন প্রকাশনা এলে তা সরকারের নজরে আনা হয়।"
একুশে বইমেলার সঙ্গে ব্যতিক্রম হিসেবে ঢাকা মেলায় বিদেশি বইয়ের স্টল থাকে। এবার মেলায় দেশি ও বিদেশি মোট ২৩০টি প্রতিষ্ঠানের স্টল থাকবে। বিদেশি অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে ভারত, ইরান ও তুরস্ক।
উদ্বোধনের দিন বিকেল সাড়ে চারটা থেকে শুরু হলেও এরপর প্রতিদিন বেলা দুইটা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে। টিকিটের দাম রাখা হয়েছে পাঁচ টাকা। তবে শিক্ষার্থীদের টিকিট লাগবে না।
এছাড়াও মেলায় লালন সঙ্গীত, গণসঙ্গীত, পঞ্চকবির গানের ওপর আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান, নাটক, প্রকাশনা উৎসব এবং নতুন বইয়ের মোড়ক উন্মোচনসহ কবি-লেখক ও পাঠকদের মধ্যে মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, সচিব হেদায়েত উল্লাহ আল মামুন ও জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক কবি রফিক আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এএল/এসকে/২১০৯ঘ.
bdnews24