ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক প্রবাসীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম শাহজাহান মিয়া (৪০)। তিনি সৌদি আরবে চাকরি করেন।
বীরগাও ইউনিয়নের আমতলী গ্রামে নিজের বাড়িতেই বৃহস্পতিবার সকালে শাহজাহানের লাশ পাওয়া যায় বলে নবীনগর থানার ওসি রূপক সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
শাহজাহানের চাচাতো ভাই আজিম মিয়া সাংবাদিকদের জানান, রাত সাড়ে ১২টার দিকে শাহজাহানের স্ত্রী কহিনুর বেগমের চিৎকার শুনে তারা ঘরে গিয়ে গলাকাটা লাশ দেখতে পান।
ওসি রূপক বলেন, কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তার অনুসন্ধান চলছে।
জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানের স্ত্রী কহিনূর বেগমসহ বাড়ির চারজনকে আটক করেছে পুলিশ। লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫০৫ ঘ.
bdnews24