২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের শিল্পপণ্য মেলা শুরু

চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 02:39 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউিজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম উইমেন চেম্বারের আয়োজনে মাসব্যাপী আন্তর্জাতিক শিল্পপণ্য মেলা মঙ্গলবার থেকে শুরু হয়েছে। বিকলে নগরীর রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে ফিতা কেটে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের নিয়ে চট্টগ্রাম উইমেন চেম্বার তৃতীয়বারের মতো এ মেলার আয়োজন করেছে। তাদের উৎপাদিত পণ্যের প্রসার ও বাজারজাতকরণের লক্ষ্যেই এ মেলা। এবারের মেলায় ৪০০টি ছোট-বড় স্টল ও ১০ টি প্যাভেলিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা সাজিয়েছে। মেলায় ইরান, পাকিস্তান ও ভারতের বেশ কয়েকটি স্টল রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আফসারুল আমীন বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে নারীদের শুধু চাকরি করলেই হবে না, তাদের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদনের সঙ্গে সম্পৃক্ত হতে হবে। এ ধরনের মেলা নারী উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। চিটাগাং উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংসদ চেমন আরা তৈয়ব, ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেট মিরজাল জয়নুদ্দিন। আরো বক্তব্য রাখেন, এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান আফতাবুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, এফবিসিসিআই'র প্রথম সহ সভাপতি আবুল কাশেম আহমেদ, পরিচালক আবু আলম চৌধুরী, এশিয়ান ইউনিভারসিটি ফর উইমেন-এর ভিসি ড. হুন এং খু প্রমুখ। এবারের মেলায় ৪০০ টি স্টল ও প্যাভেলিয়নে দেশী-বিদেশী উদ্যোক্তারা অংশ নেওয়ার কথা থাকলেও শুরুর দিনে হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে বসেছে। মেলা ঘুরে দেখা গেছে, এখনো অধিকাংশ স্টলেই নির্মাণ কাজ চলছে। আয়োজকরা জানান, ঈদের ছুটির কারণে এখনো মেলা পুরোপুরি জমেনি। তবে চলতি সপ্তাহের মধ্যে তা জমে উঠবে বলে তারা আশাবাদী। মেলা চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। প্রবেশ মূল্য ধরা হয়েছে ১০ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২০৩৫ ঘ.