২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে স্ত্রীর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 02:32 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

শেরপুর, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে শেরপুরের একটি আদালত। সোমবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মো. মুরশিদ আলম এ রায় দেন। দণ্ডিত আসামি হলেন- সুলতান আহম্মেদ (৪০)। তিনি শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের সোহরাব আলীর ছেলে। অভিযোগের প্রমাণ না পাওয়ায় মামলার অপর ছয় আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। এরা হলেন- সোহরাব আলী, ফজলুল হক, হনুফা বেগম, নাছিমা বেগম, আজিজুল হক ও শাহীনা বেগম। মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ৩০ জুন রাতে যৌতুক নিয়ে সুলতান আহম্মদ স্ত্রী মর্জিনা বেগমকে (৩০) মারধর করলে তার মৃত্যু হয়। পরে সুলতান তার লাশ বাড়ির পাশের একটি তেঁতুল গাছে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করেন। শেরপুরের শ্রীবরদী উপজেলার ইনদিলপুর গ্রামের সাদেক আলীর মেয়ে মর্জিনার সঙ্গে সুলতানের বিয়ে হয় ২০০২ সালে। তাদের একটি মেয়ে রয়েছে। মর্জিনার হত্যার ঘটনায় ওই বছরের ৭ জুলাই তার ছোট ভাই মো. মোতাহার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ১১ নভেম্বর সুলতান ও তার বাবাসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌসুলি (পিপি) চন্দন কুমার পাল। আসামি পক্ষে ছিলেন- অ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৭ ঘ.