ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দুর্গাপুর গ্রামে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জেরে রোবার দুপুরে এ সংঘর্ষের সময় বিএনপি সমর্থকরা আওয়ামী লীগ সমর্থকদের ১২ বাড়ি-ঘর ভাংচুর ও লুটপাট করেছে বলে পুলিশ জানিয়েছে।
আহতদের মধ্যে তিনজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
তবে আহতদের নাম জানা যায়নি।
বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সালাউদ্দিন সাংবাদিকদের জানান, ঈদের দিন শনিবার গ্রামের ঈদগাহ মাঠের নিয়ন্ত্রণ নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে আজ (রোববার) দুপুরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দুপক্ষই মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪০ ঘ.
bdnews24