২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশ থেকে পালাচ্ছে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা'

উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের কথিত আস্তানা ছেড়ে পালাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে একটি নিরাপত্তা বাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশের কথিত আস্তানা ছেড়ে পালাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছে একটি নিরাপত্তা বাহিনী। সম্প্রতি আসাম রাইফেলস এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল কে এস যাদভ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেশী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে কিছু বিচ্ছিন্নতাবাদীর ভারতে চলে আসার খবর পাওয়া গেছে।" ভারত-মিয়ানমার সীমান্ত পাহারা এবং সংঘাতময় উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমনে নিয়োজিত রয়েছে ভারতের কেন্দ্রীয় আধা-সামরিক বাহিনীর সবচেয়ে পুরোনো সেনাদল আসাম রাইফেলস। ভারতীয় বিচ্ছিন্নতবাদীদের বিরুদ্ধে বাংলাদেশে তৎপরতা জোরদার হয়েছে জানিয়ে জেনারেল যাদভ বলেন, "এটা ভাল যে বাংলাদেশ ভারতবিরোধীদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে। আমরা শুধু আশা করি, যারা আমাদের দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে বাংলাদেশ সরকার তাদের আশ্রয় না দেওয়ার বিষয়টি নিশ্চিত করুক।" ভারতের নিরাপত্তা বাহিনী মাঝেমধ্যেই অভিযোগ করে যে উত্তর-পূর্বাঞ্চলের কিছু রাজ্যে সশস্ত্র সংগ্রামরত ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা), ন্যাশনাল ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বোরোল্যান্ড (এনডিএফবি), ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) এবং আরো কিছু বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ঘাঁটি আছে বাংলাদেশে। এ মাসের শুরুতে সিলেটে বিডিআর-বিএসএফ এর এক বৈঠকে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের প্রায় ৯০টি শিবির বাংলাদেশে থাকার একটি তালিকা বিডিআরের কাছে দিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, উলফা, এনডিএফবি, এনএলএফটিসহ কয়েকটি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের শীর্ষ নেতাদের কয়েকজন ঢাকার পাশাপাশি বাংলাদেশের অন্যান্য বড় শহরে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করে। উলফার 'অর্থ সচিব' চিত্রাবন হাজারিকা ও 'পররাষ্ট্র সচিব' শশধর চৌধুরী গত ৪ নভেম্বর রাতে বাংলাদেশ থেকে ত্রিপুরায় ঢোকার পথে বিএসএফ এর কাছে আত্মসমর্পণ করে। এরপর তাদেরকে গ্রেপ্তার করে আসাম পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সে সময় এক ই-মেইল বার্তায় উলফার পক্ষ থেকে দাবি করা হয়, চিত্রাবন ও শশধরকে কয়েকদিন আগে 'অজ্ঞাত অস্ত্রধারীরা' ঢাকার একটি বাসা থেকে তুলে নিয়ে গিয়েছিলো। তবে এ বিষয়ে ভারত বা বাংলাদেশের কোনো সরকারের পক্ষ থেকেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। গত সেপ্টেম্বরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির ভারত সফরকালে এক যৌথ বিবৃতিতে এক দেশের সন্ত্রাসীদের আরেক দেশের ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার কথা পুনর্ব্যক্ত করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/জিএনএ/২০০৫ ঘ.