২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হাসিনার নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত'

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'সর্বদা প্রস্তুত' রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2009, 02:57 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, ২২ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 'সর্বদা প্রস্তুত' রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন বিজয় দিবস উপলক্ষে রাজধানীসহ সারাদেশের নিরাপত্তা সংক্রান্ত এক সভার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন। শেখ হাসিনার প্রাণনাশের চেষ্টা চলছে জানিয়ে ভারত সরকার সতর্কবার্তা পাঠিয়েছে বলে শনিবার স্থানীয় প্রচারমাধ্যমের খবরের ব্যাপারে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। তিনি ওই খবর সম্পর্কে সরাসরি কোনো মন্তব্য করেননি। সাহারা খাতুন বলেন, "হায়েনারা যাতে প্রধানমন্ত্রীর গায়ে ছোবল দিতে না পারে সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ থাকবে।" স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারি-বেসরকারি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে প্রধানমন্ত্রীর যোগদানের ব্যাপারেও বিশেষ সতর্কতা গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাহারা বলেন, "প্রধানমন্ত্রীর প্রাণনাশের ষড়যন্ত্র সংক্রান্ত গোয়েন্দা সংস্থার কাছে কী তথ্য রয়েছে তা খতিয়ে দেখা হবে।" স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদ-উল আজহা, বিজয় দিবস, বড়দিন, ১ জানুয়ারি নববর্ষকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ দৃষ্টি রাখবে। রাজধানী ও আশে-পাশের এলাকায় থাকবে নিরাপত্তা-বেষ্টনী। সভায় স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার, পুলিশ কমিশনার, র‌্যাব মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২০৫১ঘ.