ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিগগিরই দেশের এক হাজার ইউনিয়নে তথ্য সেবাকেন্দ্র স্থাপন হবে জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, জনগণের দোরগোড়ায় সেবা দ্রুত পৌঁছে দিতে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে সরকার।
শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
জনগণকে প্রযুক্তিবান্ধব করতে ৩০টি ইউনিয়নে ইতিমধ্যে তথ্য সেবাকেন্দ্র চালু হয়েছে বলে উপদেষ্টা জানান।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের 'এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম' এর আওতায় জেলা পোর্টাল তৈরি এবং হালনাগাদ করা হচ্ছে। ইউএনডিপি'র কারিগরি সহায়তায় 'এটুআই' এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।
কর্মসূচির অংশ হিসেবে পাঁচদিনের এ কর্মশালায় ৩২টি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, সহকারী কমিশনার পর্যায়ের ৬৪ জন প্রতিনিধি অংশ নিচেছন।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এইচ টি ইমাম বলেন, "দিন বদল ও ডিজিটাল বাংলাদেশ আর কিছুই নয়, এটি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার আরেক রূপ মাত্র।"
প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জনগণের সেবক হয়ে কাজ করার আহবানও জানান তিনি।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ ও এটুআই কর্মসূচির জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইউএনডিপি'র সহকারী আবাসিক প্রতিনিধি কে এ এম মোর্শেদ।
ইউএনডিপি'র মিডিয়া ব্যবস্থাপক এস এম আকাশ জানান, ঈদুল আজহার পর অন্য ৩২টি জেলার প্রতিনিধির নিয়ে আরেকটি কর্মশালা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমআই/১৭০০ ঘ.
bdnews24