ঝিনাইদহ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন ১৪ জঙ্গিকে শনিবার গ্রেপ্তার করেছে ঝিনাইদহ পুলিশ।
গ্রেপ্তারকৃতরা বলছেন, তারা কালো তালিকাভুক্ত সংগঠন আল্লাহর দলের সদস্য। তবে পুলিশ বলছে, গ্রেপ্তারকৃতদের সঙ্গে নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সংশ্লিষ্টতা রয়েছে।
দুপুরে জেলা শহরের কাঞ্চনপুরের একটি বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঝিনাইদহের পুলিশ সুপার রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
আল্লাহর দলের নেতা মতিন মেহেদী জেএমবির সঙ্গেও সম্পৃক্ত বলে পুলিশ জানায়। ঝিনাইদহে ১৭ আগস্টের বোমা হামলার মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিন ২০০৭ সালে কুড়িগ্রামে গ্রেপ্তার হওয়ার পর কারাগারা আছে। তার বিরুদ্ধে আরো কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, ঝিনাইদহে গ্রেপ্তারকৃতদের কাছে নয়টি মোবাইল সেট, ধর্মীয় গ্রন্থ এবং সংগঠনের বিভিন্ন জেলার হিসাব বিবরণী পাওয়া গেছে।
গ্রেপ্তারকৃতদের আট জনের বাড়ি ঝিনাইদহে। তারা হচ্ছে- ঝিনাইদহ শহরের হামদহ এলাকার শাহজাহান ও ভুটিয়ারগাতি গ্রামের আকরাম, কোটচাঁদপুর উপজেলার সলেমানপুরের রবিউল ইসলাম, কালীগঞ্জ উপজেলার বুজরুক মুন্দিয়ার সাইদ, একই গ্রামের শাহিনুর আলী, আজবত নগরের লাল্টু, আলাইপুর গ্রামের ফারুক ও মনোহরপুর গ্রামের তুহিন।
অন্যরা হচ্ছে- মেহেরপুরের গাংনী উপজেলার শাহারবাটি গ্রামের স্বপন, পাবনার মোক্তারপাড়ার শফিকুল, বনগ্রামের আলমগীর ও ভাংগুড়া উপজেলার মাগুরা গ্রামের হাসান, যশোরের চৌগাছা উপজেলার তাহেরপুর গ্রামের পিন্টু ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নৌহাটি চাচিয়া গ্রামের নজরুল।
পুলিশ কর্মকর্তা রেজাউল বলেন, "ওই বাড়ি ভাড়া নিয়ে তারা আড়াই বছর ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে তথ্য মিলেছে।"
নিজেকে গ্রেপ্তারকৃতদের নেতা পরিচয় দিয়ে শফিকুল সাংবাদিকদের বলেন, আল্লাহর দল করলে পরকালের হিসাব-নিকাশ সহজ হয়ে যাবে- এ বিশ্বাস থেকে তারা ওই সংগঠন করেন।
গ্রেপ্তার ১৪ জনের কেউ কারখানায় কাজ করেন, আবার কেউ বেকার। বিভিন্ন জেলা থেকে এসে শনিবার কাঞ্চনপুরের ওই বাড়িতে বৈঠকে বসেন তারা। বাড়িটি ভাড়া নেওয়া হয় আলমগীর ও স্বপনের নামে।
স্থানীয়রা জানায়, ওই বাড়িতে আগেও বৈঠক হতে দেখেছেন তারা।
সরকার স
bdnews24