রাজশাহী, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী মহানগরীর রাজপাড়া এলাকায় এক সবজি বিক্রেতা হত্যার পর খুনি সন্দেহে এক জনকে পিটিয়ে মেরেছে জনতা।
নিহতরা হলেন- নগরীর রাজপাড়া এলাকার সবজি ব্যবসায়ী লাল মোহাম্মদ (৩০) ও গোদাগাড়ী উপজেলার বিরইল গ্রামের আলমগীর হোসেন (৩৫)।
রাজশাহী মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আকরাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে রাজপাড়া এলাকায় নিজের বাড়িতে খুন হন লাল মোহাম্মদ।
"মৃত্যুর আগে লালের গোঙানি শুনে প্রতিবেশীরা বাড়িতে ঢুকে আলমগীর হোসেন, তৌহিদ হোসেন শামীম ও কবির হোসেন নামে তিন ব্যক্তিকে পায়। তিনজনকেই জনতা ব্যাপক মারধর করে।"
খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে আলমগীর মারা যায়।
পুলিশ কর্মকর্তা আকরাম জানান, এ বিষয়ে রাজপাড়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪৪০ ঘ.
bdnews24