২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় শনিবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 05:09 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঝিনাইদহ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহ-যশোর মহাসড়কের ছালাভরা এলাকায় শনিবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছে। নিহত হজরত (৩০) কালীগঞ্জ উপজেলার পাতবিলা গ্রামের জহুরুল ইসলামের ছেলে। ঝিনাইদহের পুলিশ সুপার মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর সোয়া ৫টার দিকে এক দল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে রাস্তার গাছ ফেলে প্রতিবন্ধক দিচ্ছিল। ওই পুলিশের একটি টহল দল সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৪৫ মিনিট বন্দুকযুদ্ধের পর ডাকাতরা পালিয়ে গেলে ঘটনাস্থলে হজরতের লাশ পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা রেজাউল জানান। পুলিশ জানায়, হজরত আন্তঃজেলা ডাকাত সর্দার। তার বিরুদ্ধে হত্যার অভিযোগে দুটি, ডাকাতির অভিযোগে সাতটিসহ ১৬টি মামলা রয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি শাটারগান, দুটি গুলি, একটি রামদা, একটি কিরিচ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, বন্দুকযুদ্ধের মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটাচ্ছে। তবে সরকার সে অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১০০ ঘ.