ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেখক মীর মশাররফ হোসেনের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার দুদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলা একাডেমী।
রাজবাড়ী জেলার বালিয়াকান্দির মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে এসব অনুষ্ঠান হবে বলে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বুধবার বিকাল চারটায় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম। প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ।
বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ কাজী কেরামত আলী, সাংসদ মো. জিল্লুল হাকিম, জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, বাংলা একাডেমীর পরিচালক মোহাম্মদ আবদুল হাই, বালিয়াকান্দি উপজেলার চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
মীর মশাররফ ১৮৪৭ সালে কুষ্টিয়ার কুমারখালি উপজেলার লাহিনিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
তার পিতা মীর মোয়াজ্জেম হোসেন জমিদার ছিলেন। তার মায়ের নাম দৌলতুন্নেছা।
'বিষাদ সিন্ধু' উপন্যাসের জন্যই তিনি বাংলা সাহিত্যমোদীদের কাছে অমর হয়ে আছেন। তার উল্লেখযোগ্য নাটক হলো 'জমিদার দর্পণ', 'বসন্তকুমারী' ইত্যাদি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১৩৪৩ ঘ.
bdnews24