২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃষ্ণা-কৃষ্ণার অবস্থা স্থিতিশীল

আলাদা করার পর বাংলাদেশি জোড় শিশু তৃষ্ণা ও কৃষ্ণার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 07:07 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা করার পর বাংলাদেশি জোড় শিশু তৃষ্ণা ও কৃষ্ণার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার দি এজ পত্রিকা বুধবার জানায়, অস্ত্রোপচারের পরে দুই বোনকে প্রাথমিক মানসিক ধাক্কা সামলে ওঠার জন্য পাশাপাশি দুটি বিছানায় রাখা হয়েছে। ২৭ ঘণ্টার অস্ত্রোপচারের পর সোমবার মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে শিশু দুটির যুক্ত মাথা আলাদা করা হয়। দুই বোনকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায় 'চিলড্রেন্স ফার্স্ট ফাউন্ডেশন'। প্রতিষ্ঠানের এর প্রধান নির্বাহী মার্গারেট স্মিথ সাংবাদিকদের জানান, অস্ত্রোপচারের আগে কৃষ্ণার বৃক্ক কাজ করছিলো না। তার বোনের বৃক্কই দুই জনের জন্য একসঙ্গে কাজ চালাতো। কিন্তু অপারেশনের পর কৃষ্ণার বৃক্ক কাজ করা শুরু করে। "একসঙ্গে জোড়া লেগে থাকার বদলে দুই বোনের আলাদাভাবে ছোট্ট দুটি বিছানায় শুয়ে থাকা দেখাটা সত্যিই চমৎকার", বলেন তিনি। হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান লিও ডোনান বলেন, "ম্যারাথন অস্ত্রোপচারের এক রাতের মধ্যেই মাত্র তিন বছর বয়সী এই দুইজনের রক্তচাপ, বৃক্ক, পরিপাক যন্ত্রসহ পুরো শরীর যেভাবে কাজ করছে, তা সত্যিই উল্লেখযোগ্য।" তবে তাদের মস্তিষ্কে স্থায়ী কোনো ক্ষতি হয়েছে কি না তা এখনই জানা সম্ভব না। আরো বেশ কিছুদিন অস্ত্রোপচার পরবর্তী অচেতন অবস্থায় থাকবে তারা। এর মধ্যে চলবে শারিরীক অবস্থার পর্যবেক্ষণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এমআই/১৩০০ ঘ.