চট্টগ্রাম, নভেম্বর ১৭(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিরসরাই উপজেলা বিএনপি'র সম্মেলনে যোগ দিতে গিয়ে মঙ্গলবার বিবদমান একপক্ষের বাধার মুখে পড়েন দলের যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ।
দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের হাদী ফকিরহাট সংলগ্ন নিজামপুর কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ কারণে গয়েশ্বরসহ অন্যান্য অতিথিরা নির্ধারিত সময়ে সম্মেলনে যোগ দিতে পারেন নি।
বাধার মুখে গয়েশ্বর ও অন্যান্য নেতাদের গাড়িবহর সীতাকুণ্ডের দিকে ফিরে আসে। পরে বেলা সাড়ে ৩টার দিকে তারা মিরসরাইয়ে গিয়ে সম্মেলনে যোগ দেন।
সম্মেলনে উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে নূরুল আমীন সভাপতি এবং হাজী নূরুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পুলিশ ও বিএনপি নেতারা জানান, মঙ্গলবার দুপুরে বারৈয়ারহাট কমিউনিটি সেন্টারে মিরসরাই উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে প্রধান অতিথি ছিলেন গয়েশ্বর রায়। তিনি সকালে চট্টগ্রাম শহর থেকে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক দস্তগীর চৌধুরী, উত্তর জেলা কমিটির যুগ্ম আহবায়ক ও মিরসরাইয়ের স্থানীয় নেতা এম কামাল উদ্দিন চৌধুরীসহ মিরসরাইয়ের উদ্দেশে রওনা দেন। তাদের গাড়িবহর হাদী ফকিরহাট সংলগ্ন নিজামপুর কলেজ এলাকায় পৌঁছুলে সম্মেলনের বিরোধী একটি পক্ষ তাদের গাড়িবহর অবরোধ করে।
দস্তগীর চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর সাড়ে ১২টায় সম্মেলনে যাওয়ার পথে মিরসরাই বিএনপির একটি পক্ষ গয়েশ্বর রায়ের গাড়ি প্রায় ৪৫ মিনিট অবরোধ করে রাখে। ফলে গাড়িবহর সীতাকুণ্ড ফিরে যায়। বিকাল সাড়ে তিনটার দিকে গয়েশ্বর ও অন্য নেতারা মিরসরাইয়ের বারৈয়ারহাট কমিউিনিটি সেন্টারে পৌঁছেন এবং সম্মেলন শেষ করেন।
মিরসরাই থানার ওসি হুমায়ুন কবীর বলেন, "মিরসরাই বিএনপির বিক্ষুব্ধ কিছু নেতাকর্মী গয়েশ্বর রায়ের গাড়িবহর আটকে দেয়। প্রায় আধঘণ্টা পর তিনি সীতাকুণ্ডে ফিরে যান এবং বিকালে মিরসরাইয়ের সম্মেলন অংশ নেন।"
গাড়িবহর আটকে দেওয়ার সময় হাদী ফকিরহাট সংলগ্ন নিজামপুর কলেজ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বিঘি
bdnews24