ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সময়ের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এবার জাতীয় সংসদেও তথ্যপ্রযুক্তির হাওয়া লাগছে।
'শিগগির' সাংসদদের সংসদে ল্যাপটপ ব্যবহারের অনুমতি দেওয়া হবে। এছাড়া সাধারণ মানুষ যাতে সাংসদদের কাছে ই-মেইলের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ পায় সে ব্যবস্থাও করা হচ্ছে।
স্পিকার আবদুল হামিদ মঙ্গলবার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত 'বিসিএস আইসিটি ওয়ার্ল্ড' শীর্ষক পাঁচ দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
স্পিকার বলেন, শিগগির সংসদে সাংসদদের ল্যাপটপ নিয়ে প্রবেশ ও ব্যবহারের অনুমোদন দেওয়া হবে। স্বভাবসুলভ রসিকতা করে তিনি জুড়ে দেন, " তবে গ্রেনেড, বোমা ও অস্ত্র নিয়ে কাউকে ঢুকতে দেওয়া হবে না।"
সংসদকে 'ডিজিটালাইজ্ড' করা হচ্ছে জানিয়ে আবদুল হামিদ বলেন, ইতিমধ্যে মিডিয়া সেন্টার চালু করে বিটিভি ছাড়াও অন্য গণমাধ্যম প্রতিষ্ঠান যাতে তাৎক্ষণিকভাবে সংসদের কার্যক্রম প্রচার করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে।
স্পিকার বলেন, "সাধারণ মানুষ যাতে যে কোনো স্থান থেকে সার্বক্ষণিকভাবে সংসদের কার্যক্রম দেখতে পারে সে উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের সাংসদদের কাছে ই-মেইলের মাধ্যমে প্রশ্ন করার সুযোগ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে।"
সরকার দেশে তথ্যপ্রযুক্তি পণ্য সহজলভ্য করতে কার্যকর ব্যবস্থা নেবে বলেও তিনি জানান।
দেশের শিক্ষার মান আন্তর্জাতিক মানের নয় মন্তব্য করে স্পিকার বলেন, "শিক্ষাকে ডিজিটালাইজ্ড করতে না পারলে নতুন প্রজন্মের ভবিষ্যত অন্ধকার।"
এ সময় তিনি সব শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেট ও শিক্ষার্থীদের কাছে কম্পিউটার পৌঁছানোর ওপর গুরুত্বারোপ করেন এবং আইসিটি নীতি বাস্তবায়নের তাগিদ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, এ সরকারের অন্যতম অঙ্গীকার দেশে তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটানো। এ খাতের সুফল জনগণ ও নতুন প্রজন্ম যাতে ভোগ করতে পারে সেজন্য সরকার সব ধরনের উদ্যোগ নেবে।
অর্থনৈতিক মুক্তির যে 'আন্দোলন' শুরু হয়েছে তা এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময়ই তিনি আগামী অধিবেশন থেকে ল্যাপটপ ব্যবহার করে সংসদে সাংসদদের প্রশ্নের উত্তর দেওয়ার অনুমোদন দিতে স্পিকারকে অনুরোধ জানান।
বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট আধুনিক করা হচ্ছে জানিয়ে ফারুক খান বলেন, "এতে ই-মেইলের মাধ্যমে সাধারণ মানুষের প্রশ্ন করার সুযোগ রাখা হচ্ছে।"
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে এ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে। যারা আইসিটি নিয়ে কাজ করছে তাদের অগ্রাধিকার দেওয়া হবে।
'ডিজিটাল বাংলাদেশ' গড়তে তরুণ প্রজন্মকে আধুনিক ও তথ্যপ্রযুক্তিমূলক শিক্ষার আওতায় আনার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেদালও বক্তব্য দেন।
স্বাগত বক্তব্য দেন বিসিএস এর সভাপতি তথ্য প্রযুক্তিবিদ মোস্তফা জব্বার।
মেলায় ৩২টি প্যাভিলয়ন এবং ৮০টি স্টলে ৬৫টি প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন পণ্য নিয়ে অংশ নিচ্ছে। এর বড় অংশ জুড়ে আছে বিভিন্ন ধরনের ল্যাপটপ।
মেলায় 'ডিজিটাল বাংলাদেশ সামিট ২০০৯' এর ব্যানারে তথ্যপ্রযুক্তিভিত্তিক কয়েকটি সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এজে/এসকে/১৮৪০ঘ.
bdnews24