২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কবরস্থানের ভেতরে রাস্তা তৈরি অবৈধ হয়েছে: হাইকোর্ট

রাজধানীর আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে সংযোগ সড়ক তৈরির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2009, 01:16 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে সংযোগ সড়ক তৈরির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি আনোয়ার উল হক ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরীর বেঞ্চ মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা জনস্বার্থ রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেন। ২০০৬ সালে স্থানীয় বিএনপি সাংসদ নাসিরউদ্দীন আহমেদ পিন্টুর ঠিকাদারী প্রতিষ্ঠান আজিমপুর কবরস্থানের ভেতর দিয়ে কবর ভেঙে রাস্তার কাজ শুরু করে। এলাকাবাসীর মধ্যে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে রিট আবেদনটি দায়ের করা হয়। হাইকোর্টের অন্য একটি বেঞ্চ এ বছরের ৩ জুলাই ওই রাস্তা নির্মাণের ওপর স্থিতাবস্থার আদেশ দেন। রিটকারীর পক্ষে শুনানি করেন মঞ্জিল মোর্শেদ। শুনানিতে মঞ্জিল মোর্শেদ বলেন, "সিটি করপোরেশন অধ্যাদেশ অনুযায়ী কবরস্থান রক্ষণাবেক্ষণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। কিন্তু সিটি করপোরেশন কবরস্থান ধ্বংস করে রাস্তা নির্মাণের প্রকল্প নিয়েছে যা বেআইনী।" তিনি মন্তব্য করেন, এ ধরনের কাজ ধর্মীয় বিধানের প্রতিও আঘাতস্বরূপ। সিটি করপোরেশনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হাসানাত কাইয়ুম। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুস সালাম মণ্ডল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এসকে/১৯১২ঘ.