ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২৭ ঘণ্টার অস্ত্রোপচারে বাংলাদেশি জোড় শিশু তৃষ্ণা ও কৃষ্ণাকে আলাদা করেছে অস্ট্রেলিয়ার চিকিৎসকরা।
মাথা জোড়া লাগানো শিশু দুটিকে আলাদা করার প্রক্রিয়া সোমবার মেলবোর্নের রয়্যাল চিলড্রেনস হাসপাতালে শুরু হয়।
অস্ট্রেলিয়ার দ্য এজ পত্রিকার মঙ্গলবারের প্রতিবেদনে বলা হয়েছে, শিশু দুটিকে সফলভাবেই আলাদা করা গেছে। এখন প্লাস্টিক সার্জারির কাজ চলছে।
তবে তারা আশঙ্কামুক্ত কিনা, এ মুহূর্তে তা নিশ্চিত করে বলছেন না চিকিৎসকরা।
শিশু দুটির মাথার খুলি, মস্তিষ্কের অংশবিশেষ ও কিছু রক্তনালী জোড়া লাগানো। তা আলাদা করতে সোমবার সকাল ১০টার দিকে অস্ত্রোপচার শুরু করে ১৬ সদস্যের চিকিৎসক দল।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান লিও ডোনান চিকিৎসকদের প্রশংসা করে বলেছেন, তারা শিশু দুটিকে আলাদা করতে নির্ভুলভাবে কাজ করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, "এ ধরনের অস্ত্রোপচারের সুযোগ হয়তো জীবনে একবারই আসে। এখন এক ধরনের স্বস্তি কাজ করছে এবং আনন্দের বিষয় হলো আমরা এখন পরের পর্যায়ে রয়েছে।"
" আমরা এখন পর্যন্ত সব কিছুই সফলভাবে করেছি। তবে শিশু দুটির সামনে এখনও বেশ কঠিন সময় অপেক্ষা করছে:, সতর্ক করেন তিনি।
তবে প্লাস্টিক সার্জনরা কখন তাদের কাজ করবেন, তা জানাননি ডোনান।
তিনি বলেন, "এ বিষয়ে আমি কোনো সময়সীমা নির্ধারণ করে দিতে চাচ্ছি না।"
হাসপাতালের অ্যানেসথেসিওলজির পরিচালক ইয়ান ম্যাকেনজি অস্ত্রোপচার কক্ষ থেকে বেরিযে জানান, শিশু দুটি ভালো আছে।
অস্ত্রোপচার শুরুর আগে ধারণা করা হয়েছিল, এটি শেষ করতে ১৬ ঘণ্টা লাগবে। গত এপ্রিল মাসে সিঙ্গাপুরে এক জোড় শিশুকে আলাদা করতে চারদিন সময় লেগেছিল।
যতটা আশা করা হয়েছির, তার চেয়েও ভালোভাবে অস্ত্রোপচার হয়েছে, বলেন ম্যাকেঞ্জি।
কৃষ্ণার কিডনির কার্যকারিতা নিয়ে যে উদ্বেগ ছিল তা অনেকটা সহজ হয়েছে- এ তথ্য জানিয়েও তিনি বলেন, "জীবনের জন্য হুমকি-এমন কিছু ঘটনার সম্ভাবনা এখনো রয়েছে।"
হাসপাতালের বিশেষজ্ঞদের মতে, কোনো ধরনের ক্ষতি ছাড়াই এতিম এ শিশু দুটির অস্ত্রোপচার শেষ হওয়ার সম্ভাবনা মাত্র ২৫ শতাংশ। মস্তিষ্কের কিছু পর্যায়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ এবং মৃত্যুর সম্ভাবনাও থেকে যায়।
অস্ত্রোপচারের জন্য 'চিলড্রেন্স ফার্স্ট ফাউন্ডেশন' এ জোড় শিশু দুটিকে অস্ট্রেলিয়ায় নিয়ে যায়। তৃষ্ণা ও কৃষ্ণা কিছুদিন পরই তিন বছরে পা দেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এমআই/১২২০ ঘ.
bdnews24