২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় ছয় ডাকাতি, নিহত ১

লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী ও নওগাঁয় রোববার রাতে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লক্ষ্মীপুর, গোপালগঞ্জ, নোয়াখালী ও নওগাঁয় রোববার রাতে ছয়টি ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে লক্ষ্মীপুরে দু'টি, গোপালগঞ্জে একটি এবং নোয়াখালীতে দু'টি বাড়ি এবং নওগাঁয় সড়কে যানবাহনে ডাকাতি হয়। লক্ষ্মীপুরে ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। গোপালগঞ্জে এলাকাবাসী এক ডাকাতকে ধরে পুলিশে দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ- লক্ষ্মীপুর: সদর উপজেলার মহাদেবপুর ও পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতি হয়েছে। মহাদেবপুরে ডাকাতের হামলায় নিহত হয়েছে গিয়াস উদ্দিন (৩৮)। তিনি গ্রামের আবদুল হকের ছেলে। আহতরা হলেন- গিয়াস উদ্দিনের ভাইয়ের স্ত্রী মিতু (১৮) এবং পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের প্রবাসী নুরুল আমিন (৪০)। তাদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সদর থানার উপপরিদর্শক আবদুর রব বলেন, মহাদেবপুর গ্রামের আবদুল হকের বাড়ির কলাপসিবল গেট ও দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢোকে। গিয়াস বাধা দিলে ডাকাতরা তাকে এবং তার ছোটভাই আবদুল কুদ্দুছের স্ত্রী মিতুকে কুপিয়ে জখম করে। সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে গিয়াস মারা যান। ডাকাতরা প্রায় ৪০ হাজার টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকার বেশি মূল্যের জিনিসপত্র নিয়ে গেছে বলে পরিবারটি দাবি করেছে। পুলিশ সুপারিনটেনডেন্ট জামিল আহমেদ, রায়পুর উপজেলা চেয়ারম্যান তোজাম্মেল হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ডাকাতি করার উদ্দেশ্যে নয় গিয়াসকে খুন জন্যই দুর্বৃত্তরা এ হামলা করেছে বলে তার বোন মাজেদা, মরিয়ম, আনোয়ারা এবং স্ত্রী ফাতেমা আক্তার মনে করেন। ডাকাতির অপর ঘটনা ঘটেছে পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের নুরুল আমিনের বাড়িতে। তারা নগদ সাড়ে তিন লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কারসহ বেশ কিছু জিনিসপত্র লুট করেছে। এ দুই ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। গোপালগঞ্জ: সদর উপজেলার গোবরা গ্রামে এক প্রবাসীর বাড়ি থেকে ডাকাতরা নগদ ৪৫ হাজার টাকা, মোবাইল ফোনসেট, স্বর্ণালঙ্কাারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। ডাকাতি শেষে পালানোর সময় এলাকাবাসী হিরু সিকদার (৪৫) নামে এক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে। আহত অবস্থায় পুলিশ তাকে সদর হাসপাতালে ভর্তি করেছে। সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম শহিদ সাংবাদিকদের জানান, সাত/আটজন ডাকাত প্রবাসী কবির সিকদারের বড়িতে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে মালামাল লুট করে। এ ঘটনায় কবির সিকদারের স্ত্রী নার্গিস বেগম থানায় একটি মামলা করেছেন। নোয়াখালী: সেনবাগ উপজেলার বড় চারিগাঁও ও দেবিসিংপুর গ্রামের দু'টি বাড়িতে ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানায়, রাত ৩টার দিকে বড়চারিগাঁও গ্রামের শরীয়ত উল্লাহর পাকা ভবনের লোহার ফটক ভেঙে ঘরে ঢোকে। ২০/২৫ জন সশস্ত্র ডাকাত অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৩০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় চারলাখ টাকার মাল নিয়ে গেছে। এ ছাড়া রাত আড়াইটার দিকে দেবিসিংপুর গ্রামের প্রবাসী ইলিয়াছের ঘরের দরজা ভেঙে ১০/১২ জন ডাকাত ভেতরে ঢোকে। তারা নগদ ১২ হাজার টাকা এবং তিন ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় এক লাখ টাকার মাল লুট করেছে। সেনবাগ থানার ওসি মো. মোক্তার হোসেন ডাকাতির ঘটনার কথা স্বীকার করে সাংবাদিকদের জানান, তিনি দুটি স্থানই পরিদর্শন করেছেন। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের লোকজন থানায় মামলা দায়ের করতে রাজি হননি। নওগাঁ: মহাদেবপুর উপজেলার ১৪ মাইল এলাকায় সড়কে কয়েকটি যানবাহন আটকে দুর্বৃত্তরা যাত্রী ও চালকদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে। মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম বলেন, রাত আড়াইটার দিকে নওগাঁ-মহাদেবপুর সড়কে গাছ ফেলে পাঁচটি ট্রাক, একটি মাইক্রোবাস ও একটি ভটভটি (ইঞ্জিনচালিত ভ্যান) থামিয়ে যাত্রী, চালক ও কর্মচারীদের কাছ থেকে নগদ প্রায় ৪৩ হাজার টাকা ও ছয়টি মোবাইল ফোনসেট নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৪৫ ঘ.