সিলেট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে শনিবার বিকালে ট্রাক চাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা দু' ঘণ্টা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
শহরের দক্ষিণ সুরমার হুমায়ূন রশীদ চত্বরে বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বাদলের (২২) বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। তিনি সিলেট ক্যাবল সিস্টেম প্রাইভেট লিমিটেডে (এসসিএস) লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সিলেট কোতয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) রঞ্জন সামন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফেঞ্চুগঞ্জ-সিলেটগামী একটি ট্রাক হুমায়ূন রশীদ চত্বর এলাকায় বাইসাইকেল আরোহী বাদলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি বলেন, "ঘটনার পরপরই স্থানীয়রা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করায় প্রায় দুই ঘণ্টা সব ধরনের গাড়ি চলাচল বন্ধ থাকে।"
পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এ ঘটনায় দোষীদের বিচারের আশ্বাস দিলে জনতা অবরোধ প্রত্যাহার করে।
পুলিশ ট্রাক চালক ইকবাল (২৬) ও ট্রাকটি আটক করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১১৪৯ ঘ.
bdnews24