ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিডরের ভয়াবহতার স্মৃতি দেশের দক্ষিণাঞ্চলের মানুষ আজও বয়ে বেড়াচ্ছে। সেদিন উপকূলীয় মারা গিয়েছিলো কয়েক হাজার মানুষ। আর বেঁচে যাওয়া সর্বস্ব হারানো মানুষের অনেকেই এখনো স্বাভাবিক জীবনযাপনে ফিরতে পারেনি।
২০০৭ সালের ১৫ নভেম্বর প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সেদিন দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা ধংসস্তূপে পরিণত হয়। কয়েক লাখ পরিবার সহায়-সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা, পটুয়াখালী, বাগেরহাট, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, ঝালকাঠি, ভোলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বরগুনা প্রতিনিধি জানান, বরগুনার মানুষের ৭৭ হাজার ৭৫৪টি বসত ঘর সম্পূর্ণ ধ্বংস হয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ ১২ হাজার ৩১টি। সম্পূর্ণভাবে হারানো বসত ঘরের মধ্যে ৩৪ হাজার ৮৭১টি পুনর্র্নিমাণ করা হয়েছে।
এ ঘর নির্মাণে সহায়তা দিয়েছে বিভিন্ন দাতা, বেসরকারি সংস্থা ও ব্যক্তিগত সহায়তা। ২০ হাজারেরও বেশি মানুষ এখনো ঘর বানাতে পারেনি।
সদর উপজেলার মাঝেরচরের ইয়াসিন আলী দফাদার জানান, তাদের গ্রামের ১০৭টি পরিবার ঘর হারিয়েছিল। এর মধ্যে ৯০টি পরিবার এখনো ঘর তুলতে পারেনি।
রুস্তম আলী জানান, ঝড়ে তার মা ও মেয়ে মারা গেছে। চারজনের পরিবার এখনো খোলা আকাশের নিচে বসবাস করছে।
বড় লবনগোলা গ্রামের আবুল কালাম মৃধা জানান, তার ঘরটি করে দেওয়ার বিনিময়ে একটি বেসরকারি সংস্থা তার কাছে ছয় হাজার টাকা চেয়েছিল। তা দেওয়া সসম্ভব না হওয়ায় আজো তাকে ৭ সদস্যের পরিবার নিয়ে ছাপড়া বানিয়ে বসবাস করতে হচ্ছে।
আগাম শীত গৃহহীনদের এখন থেকেই দুশ্চিন্তায় ফেলে দিয়েছে।
তাদের স্বজন হারাদের কান্নাও এখনো থামেনি।
ফালিশাতলী গ্রামের খালিদা বেগম প্রতিদিন তার দুই মেয়ে ঝরনা ও শিরিনার কবরের কাছে গিয়ে কাঁদেন।
সিডরের রাতে তাদের ঘরটি ভেঙে গেলে তারা পাশের আবদুস সোবহানের ঘরে আশ্রয় নেন। সেই ঘরটিও ভেঙে যায়। এরপর সাঁতরে নিজেকে বাঁচাতে পারলেও দুই মেয়েকে পারেননি।
সদর উপজেলার মাঝেরচর গ্রামের আলমগীর হোসেনের ছেলে রুবেল এবং আবেদ আলীর ছেলে ইমরান হোসেন মামুনের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। গত দুই বছর ধরে তারা স্কুলে যায় না। শ্রমিকের কাজ করে।
বরগুনা জেলা প্রশাসক স্বপন কুমার সরকার বলেন, সিডরের পরে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে অনেক ধরনের সহায়তা পাওয়া গেছে। যারা এখনো ঘর তুলতে পারেনি তাদের জন্য ৯৫ লাখ টাকা ও ২৫০ বান্ডিল ঢেউটিন পাওয়া গেছে।
বরাদ্দগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভাগ করে দেওয়া হয়েছে। খুব শীঘ্রই গৃহ নির্মাণের কাজ শুরু হবে বলে জেলা প্রশাসক জানান।
এ বছর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ৩৫টি বাঁধ নির্মাণ করা হয়েছে বলেও তিনি জানান।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মো. ফজলুল হক জানান, সিডরের পর এ বছর আইলায় বেড়িবাঁধের ১১.৪২ কিলোমিটার সম্পূর্ণ এবং ৭৯.৪৪ কিলোমিটার আংশিক ভেঙে যায়। এর মধ্যে ১৫ কিলোমিটারেরও বেশি অংশ মেরামত করা হয়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, সিডরের পরে ২২ কোটি এবং আইলার পর তিনকোটি টাকার ত্রাণ সহায়তা পাওয়া গেছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, সিডরে জেলায় ৬৩ হাজার ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছিলো। ক্ষতিগ্রস্ত হয়েছিলো দুই লাখ ৮৩ হাজার ৪৮২টি পরিবার। ৩৬৭ কিলোমিটার পাকা রাস্তা, ৮৬২ কিলোমিটার কাঁচা সড়ক, প্রায় ৬৫ কিলোমিটার বাঁধ এবং ৭৫০টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
সিডর পরবর্তী উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি, দেশি-বিদেশি সংগঠণ ও ব্যক্তি স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করে।
গত দুই বছরে বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলায় সিডরে ঘরহারা প্রায় ১৭ হাজার পরিবারকে বসত ঘর তৈরি করে দিয়েছে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান। কর্ম সংস্থানের জন্য বিতরণ করা হয়েছে কৃষি উপকরণ, মৎস্য পোনা, গবাদী পশু, জাল, নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম।
দিনটি পালনের জন্য বাগেরহাটে 'সিডরের তৃতীয় বর্ষ উদযাপন কমিটি' ১৫ নভেম্বর সন্ধ্যায় সাংস্কৃতিক ফাউণ্ডেশন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করবে।
এ ছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএস সকালে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের তাফালবাড়ি বাজারে তাদের কার্যালয়ে নিহতদের স্মরণে সভার আয়োজন করেছে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, ওইদিন সন্ধ্যা রাত থেকেই ঝড় ও জলোচ্ছ্বাস আঘাত হানতে শুরু করে। বাড়ি-ঘর গাছপালা, জেলেদের নৌকা, গরুছাগল মহিষ, মাছের ঘের ও উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি হয়। বহু মানুষ এখনো ঘর পায়নি।
ছোট বিঘাই ইউনিয়নের শিখারানীর তিন শিশু সন্তান সজল (১০), কিশোর (৮) ও আসিককে (৪) হারিয়ে এখনো পাগলপ্রায়। সিডরের পর টাকা, চাল, ডাল, কম্বল, গরুসহ বিভিন্ন ত্রাণ সামগ্রী পেয়েছেন। কিন্তু তার বুকের ধনদের ফিরে পানরনি।
গলাচিপা'র কলাগাছিয়া গ্রামের আল আমিন, বাবা, মা, ভাই, বোন হারিয়ে একেবারে একা। তার বাড়ি ফাকা পরে থাকে। আল আমিন থাকে অন্যের বাড়িতে।
চরখালী গ্রামের মিনারা বেগম দাতাদের দেওয়া বিভিন্ন সহায়তা পেয়েছেন, পাকা ঘরও পেয়েছেন। কিন্তু ফিরে পাননি স্বামী ও দু'সন্তানকে। দিনের বেশির ভাগ সময় মিনারা এখনো কবরের পাশে বসে চোখের জল ফেলছেন।
চরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক আলী মুন্সি জানান, এখনো স্বজনহারা কান্নায় মির্জাগঞ্জের চরখালী, গোলখালী, হোসনাবাদ গ্রামে বিষাদের ছায়া নামে।
তিনি বলেন, এখনো ক্ষতিগ্রস্ত সব পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/১০৩০ ঘ.
bdnews24