২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ফের পুলিশের সতর্কতা

বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে সামনে রেখে ঢাকা মহানগরীর পুলিশ সদস্যদের আবারো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার একেএম শহিদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2009, 02:41 PM

Updated : 26 Aug 2022, 12:21 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বঙ্গবন্ধু হত্যা মামলার রায়কে সামনে রেখে ঢাকা মহানগরীর পুলিশ সদস্যদের আবারো সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার একেএম শহিদুল হক। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সর্বত্র কড়া নজরদারি রাখার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি। আগামী ১৯ নভেম্বর বঙ্গবন্ধু হত্যা মামলা রায় চূড়ান্ত রায় ঘোষণা করা হচ্ছে। এটাকে সামনে রেখে ষড়যন্ত্রকারীরা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে সরকারের একাধিক মন্ত্রী ইতোমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছেন। শুক্রবার বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "ষড়যন্ত্রের ব্যাপারে সরকার দেশবাসীকে সঙ্গে নিয়ে সজাগ রয়েছে। এ ধরনের যে কোনো অপচেষ্টা প্রতিহত করে বাঙালির বহু প্রতীক্ষিত বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করা হবে।" শনিবার বিকালে রাজারবাগ পুলিশ টেলিকম মিলনায়তনে মাসিক অপরাধবিষয়ক সভায় ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, এ ব্যাপারে ট্রাফিক পুলিশসহ সকলকে চোখ-কান খোলা রাখার জন্য বলা হয়েছে।" রাজধানীর পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, "স্বাধীনতাবিরোধীরা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে পারে-সেটা আমরা মনে করছিনা। তবুও সতর্ক থাকতে হবে।" র‌্যাব-পুলিশসহ অন্য সকল গোয়েন্দা সংস্থার সদস্যরা এ জন্য সমম্বয় করে কাজ শুরু করেছে বলেও জানান মহানগর পুলিশের এ শীর্ষ কর্মকর্তা। পরিসংখ্যানগত হিসাবে সেপ্টেম্বর মাসের তুলনায় অপরাধ কিছুটা বেড়েছে স্বীকার করলেও তিনি জানান, এটা গত বছরের অক্টোবরের তুলনায় বেশিরভাগ ক্ষেত্রেই কম রয়েছে। খুন-ডাকাতিসহ অন্যান্য অপরাধ একমাসে তুলনামূলক বাড়লেও তা নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে বলেও দাবি করেন এ কে এম শহিদুল হক। মিরপুরে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছে কাফনের কাপড় ও হুমকি দিয়ে চিঠি পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, "এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। শহরে দুষ্টু লোকের অভাব নেই। অনেকে দুষ্টুমি করেও এটা করে। তবে এসব দুষ্টুমি বন্ধের জন্য পুলিশ চেষ্টা করছে।" সত্যিকার ঘটনার কতটা থানায় রেকর্ডভুক্ত হয়-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে কমিশনার বলেন, "কোন সন্ত্রাসমূলক ঘটনা ঘটবে, আর থানায় রেকর্ড হবে না, এটা হতে পারে না। আমরা চাই, যে ঘটনাই ঘটুক না কেন, পুলিশ তা থানায় রেকর্ড করবে।" পুলিশের পরিসংখ্যানে দেখা যায়, অক্টোবর মাসে রাজধানীর থানাগুলোয় মোট মামলা হয়েছে ২০৯৮টি। সেপ্টেম্বরে এটা ছিল ১৭৭৮টি। ডাকাতি কমলেও দস্যুতা, খুন, ধর্ষণ, অপহরণ, চুরি, মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধ বেড়েছে। গত বছরের অক্টোবরের তুলনায় অনেকক্ষেত্রেই অপরাধের হার কম বলে সভায় জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এস/এসএইচ/২০৩০ ঘ.