চট্টগ্রাম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এক স্কুলশিক্ষকের বিরুদ্ধে মাতাল অবস্থায় বড়ভাইকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্ত সুশান্ত কুমার দে (৫৫) উপজেলার আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি নারায়ণহাট ইউনিয়নের চানপুর গ্রামের সারদা চরণ দে'র ছেলে।
এ ঘটনায় তার বড়ভাই অনন্ত কুমার দে (৮০) বাদি হয়ে ফটিকছড়ির ভূজপুর থানায় রোববার একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ৫ নভেম্বর রাত ১০টার দিকে কয়েকজন সঙ্গী নিয়ে সুশান্ত নিজ বাড়িতে বসে মদপান করে। এরপর তিনি গালাগাল দিতে দিতে অনন্ত'র ঘরে ঢুকে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এলে সুশান্ত চলে যায়।
অনন্ত বলেন, পরদিন এলাকাবাসী মধ্যস্ততায় এক শালিসে দুই পরিবারের বাড়ির মাঝের উঠানে একটি সীমানা বেড়া দেওয়ার সিদ্ধান্ত হলেও সুশান্ত তা মানছে না।
অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই এলাকায় যায়।
ভুজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আলী বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জানান, আগামী ১৩ নভেম্বর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। সুশান্ত সালিশ বৈঠকের কথা না মানলে থানায় করা অনন্তর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হবে।
এ বিষয়ে অনন্ত'র ছেলে অজিত কুমার দেব (৪২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি ঘটনাটি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে জানাবেন।
অজিত অভিযোগ করেন, সুশান্ত বিভন্নভাবে তার পিতামাতাকে নির্যাতন করে আসছে। অনেকবার তাদেরকে মারধরও করেছে। প্রতিবারই প্রতিবেশীরা এর সমাধান করে দেয় কিন্তু পরবর্তীতে আবারও একই ঘটনা ঘটে।
তবে এসব অভিযোগের বিষয়ে সুশান্তুর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফএফ/এমআই/১৭৪০ ঘ.
bdnews24